
ঘুমের দেশে পরির রাজ্যে হারিয়ে গিয়েছে একটি ছেলে। এ যেন শিল্পীর কল্পনায় আঁকা একটি ছবি। গ্লাস পেইন্টে আঁকা এই ছবিটির নামও দেওয়া হয়েছে কল্পনা। শিল্পকর্মটিতে চোখ পড়তেই আগ্রহ নিয়ে দেখছিলেন দর্শকেরা। ১১ ডিসেম্বর নগরের হটখোলায় শুরু হওয়া মৃন্ময় ও সিলিকন দুটি প্রতিষ্ঠানের যৌথভাবে আয়োজিত আট দিনব্যাপী চারু ও কারু প্রদর্শনীতে স্থান পেয়েছে এই শিল্পকর্ম। মৃন্ময়ের মাটি, কাচ ও মিশ্র মাধ্যমের ৩৫টি ও সিলিকনের গ্লাস পেইন্ট মাধ্যমের ৩২টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
১১ ডিসেম্বর সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মুহম্মদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিজাইনার রওশন আরা চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আলোকচিত্রী শোয়ের ফারুকী ও শিল্পী রূপা দত্ত।
আধুনিকাতার আগ্রাসনে হারিয়ে যেতে বসা মাটি, কাঠ ও বাঁশের শিল্প ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করলেন শিল্পী তোফাজ্জল হোসেন ও খোকন কারিগর। এ প্রদর্শনীতে মৃন্ময়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে টেরাকোটা, অলঙ্কৃত আয়না ও ছবির ফ্রেমসহ প্রায় ৩৫টি শিল্পকর্ম। সিলিকন হাজির করেছে আয়না, রঙিন কাচ, ও বিভিন্ন ধরনের গ্লাস পেইন্টিংয়ে করা কাজ। এমন আয়োজন দেখে দেখে মুগ্ধ দর্শক। নির্দিষ্ট গণ্ডি থেকে বের হয়ে চারু ও কারু শিল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন বলে জানালেন আয়োজকরাও। ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।