খেজুরের রস আর নারকেল দিয়ে শীতের সকালে গরম চিতই কিংবা ভাপা পিঠার স্বাদ নেওয়া হয় কয়জন নাগরিকের? তাই পিঠাপুলির খবর পেলে অনেকেই হাজির হন রাজ্যের স্মৃতিকাতরতা দিয়ে। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসন ও হাটখোলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসবেও তাই প্রচুর দর্শক উপস্থিত হয়েছিলেন।
অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিভিন্ন পর্বে। প্রথম পর্বে পিঠা উৎসব ও দ্বিতীয় পর্বে ছিল গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালের পর্বে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। হাটখোলার পরিচালক ইউছুপ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কথামালা। এতে বক্তব্য দেন জসীম উদ্দিন চৌধুরী ও চৌধুরী বাবুল বড়ুয়া।
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টলে বৈচিত্র্যময় পিঠার স্বাদ নিয়েছেন দর্শকেরা। পাকন, নারকেল পিঠা, ঝাল পিঠা, সুজির পিঠা, গুড়ের পায়েস, তালের বড়া, ভিজা পিঠা, মালপোয়া পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, বিবিখানা পিঠা, নারকেলের ভাপাপুলি, খাজুরি, বিনিপুলি, ছাইন্যা পিঠা, চিতল পিঠা, গোলাপ পিঠা, ভেজিটেবল ঝাল পিঠাসহ নানা পদের পিঠা দেখা গেছে স্টলগুলোতে।
বিকেলের পর্বে অনুষ্ঠানে ছিল গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। এই সময় কথামালায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিরিন আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল ও কবি ইউসুফ মুহম্মদ। কথামালার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সংগীতজ্ঞ আবদুল গফুর হালী ও নারীনেত্রী নুরজাহান খানকে সম্মাননা জানানো হয়। সম্মাননা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান।
কবিতাপাঠের আসরে অংশ নেন কবি রিজোয়ান মাহমুদ, ভাগ্যধন বড়ুয়া, আজিজ কাজল, মানজুর মাহমুদ, শেখর দেব, ফরিদা ইয়াসমিন, নাজমুন নাহার, সারাফ নাওয়ার ও মোহাম্মদ আমানুল্লাহ। এরপরে সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী দীপংকর দে ও চন্দ্রিমা ভৌমিক। সংগীত পরিবেশন পর স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিক্ষার্থীরা নাচ পরিবেশন করে। এটি পরিচালনা করেন শুভ্রা সেনগুপ্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কামরুল হাসান বাদল।