হাটখোলায় পাঠ উন্মোচন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি যখন কবিতা লেখেন তখন সেটা নিজের থাকে, প্রকাশ পাওয়ার পর তা পাঠকের হয়ে যায়। কবিতায় কবি নিজের কথা বলতে গিয়ে অন্যের কথা সঞ্চারিত করতে পারলেই কবিতা সার্থক হয়েছে বলে ধরে নেওয়া হয়। কবিতা পড়তে পড়তে পাঠক ভাববে, এ তো আমার কথাই বলা হয়েছে। এখানেই কবির সফলতা। সম্প্রতি সার্সনরোডস্থ হাটখোলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আকতার হোসাইনের শিশুতোষ কবিতার বই মেঘের কি বাড়ি নাই, জয়নুল আবেদীন মুকুলের কবিতার বই মেলানকোলিয়া, জিন্নাহ চৌধুরীর ছড়ার বই কোন পথে যায় তারা, ফারহানা আনন্দময়ীর কবিতার বই ইচ্ছে সবুজ ও তনুজা বড়ুয়ার কবিতার বই যুবতী হারিয়ে যায় জল জ্যোৎস্নায়-এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক কবি মুহম্মদ নুরুল হুদা এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে মনে করেন, কবিতা লিখতে হলে ছন্দ জানার কোনো প্রয়োজন নেই, এটা ঠিক নয়। কবিতা লিখতে হলে অবশ্যই ছন্দ জানতে হবে, ছন্দ না জানলে গদ্য কবিতা লেখাও সম্ভব নয়।
অনুষ্ঠানে মেলানকোলিয়া ও কোন পথে যায় তারা বই দুটো নিয়ে আলোচনা করেন ওমর কায়সার, যুবতী হারিয়ে যায় জল জ্যোৎস্নায় কবিতার বই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এজাজ ইউসুফী। মেঘের কি বাড়ি নাই নিয়ে আলোচনা করেন জসিম মেহবুব। মেলানকোলিয়া প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক মাঈনুল হাসান এবং ইচ্ছে সবুজ সম্পর্কে আলোচনা করেন মনিরুল মনির। ইউসুফ মুহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক শিরিন আখতার, শুভেচ্ছা জ্ঞাপন করেন রাশেদ রউফ। বিজ্ঞপ্তি।