হাটখোলায় পৌষ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটখোলার পৌষ মেলায় পিঠা দেখছেন অতিথিরা  প্রথম আলো
হাটখোলার পৌষ মেলায় পিঠা দেখছেন অতিথিরা প্রথম আলো

পৌষের সকাল। কুয়াশার চাদর সরিয়ে সবে উঁকি দিয়েছে সূর্য। মিষ্টি রোদে হাটখোলার উঠোনে পিঠা-পুলির সমাহার। রকমারি সব পিঠার সুঘ্রাণ মন কেড়ে নিচ্ছে দর্শনার্থীদের। স্টল থেকে স্টলে ঘুরে স্বাদ নিতে ভুলছেন না কেউই। গত শুক্রবার নগরের সার্সন সড়কের হাটখোলায় আয়োজন করা হয় পৌষ মেলা। দিনব্যাপী এই আয়োজনে ছিল পিঠা উৎসব, ছোটদের ফ্যাশন শো ও সংগীতানুষ্ঠান।

সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি কামরুন মালেক। এর পর শুরু হয় পিঠা উৎসব। বিভিন্ন স্টলে ছিল গ্রামীণ বাংলার বিচিত্র সব পিঠা—মুগ পাখন, ঝিনুক পিঠা, দুধ-চিতই, খেজুর রসের ক্ষীর-পিঠা, তিলের খিলের পিঠা, খেজুর গুড়ের পায়েস, সমুচা পিঠা, পাটিসাপটা, পুলি, ফুলঝুড়ি ও সাজ পিঠা। কিছু পিঠার ছিল ব্যতিক্রমী পরিবেশনা। মন কাড়ে হাঁসের মাংসের সঙ্গে জালি পিঠা, চিতই পিঠার সঙ্গে সরিষা ভর্তা কিংবা কলাই রুটির সঙ্গে মরিচ ভর্তা। দেশীয় পিঠার পাশাপাশি ছিল আদিবাসীদের পিঠাও। আদিবাসীদের তৈরি বিভিন্ন পিঠার মধ্যে ছিল বিন্নি চালের পিঠা, কদমো, খিয়োরি, হিকনামো, রিফ্রিমো ও ছিলহামো পিঠা। উৎসবে আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষ্ঠিত হয় মজাদার পিঠা প্রস্তুতের প্রতিযোগিতাও। মেলা আয়োজন প্রসঙ্গে হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদ বলেন, ‘এমন একটি আয়োজন আমাদের অনেক দিনের স্বপ্ন। গ্রামীণ সংস্কৃতিকে শহুরে পরিবেশে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করেছি আমরা।’

উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় হাটখোলা গ্যালারিতে পরিবেশিত হয় সঙ্গীতানুষ্ঠান ও ছোটদের ফ্যাশন শো। শুরুতে গান পরিবেশন করেন শিল্পী অরুনিমা ইসলাম। এরপর পিঠা প্রস্তুত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় ‘আরিয়ান-এর হেসেল’, দ্বিতীয় ‘নবান্ন উৎসব’ ও ‘রুমাস রেসিপি’ এবং তৃতীয় স্থান পায় পার্বত্য এলাকার ‘ধনাইচো’ ও ‘মাক্রই’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক ছগির আহম্মদ ও অধ্যাপক হাসিনা জাকারিয়া।

পুরস্কার বিতরণ শেষে গান করেন শিল্পী শেখ মোরশেদ আহমেদ ও শাহরিয়ার খালেদ। এরপর মঞ্চ মাতায় ছোটদের ফ্যাশন শো। উৎসবে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, ‘এ আয়োজনে এত পিঠা-পুলি দেখে মনে হচ্ছে, সবগুলো একটু একটু খেয়ে দেখি। অনেক দিন পর শহুরে জীবনে এমন পিঠার স্বাদ পেলাম’।