হাটহাজারী সড়ক সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যথাসময়ে বরাদ্দকৃত অর্থ ছাড় না দেওয়া এবং প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের তুলনায় জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় এটি বাস্তবায়ন দীর্ঘায়িত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন। গত বছরের ৫ নভেম্বর যোগাযোগমন্ত্রী আবুল হোসেন এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। ২০১৩ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।সওজ (সড়ক ও জনপথ বিভাগ) সূত্রে জানা গেছে, প্রকল্প ছাড়পত্রে জমি ও অন্যান্য অবকাঠামোর ক্ষতিপূরণ এবং সম্প্রসারিত সড়কের নির্মাণকাজের জন্য ১২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জমি ও অবকাঠামো ক্ষতিপূরণ খাতে ৫৩ কোটি এবং সড়ক সম্প্রসারণ খাতে ৭৬ কোটি টাকা। ইতিমধ্যে পাওয়া গেছে মাত্র আট কোটি টাকা। অন্যদিকে, ক্ষতিপূরণ বাবদ ৫৩ কোটি টাকা ধরা হলেও জমির দাম বাড়ার কারণে বর্তমানে এ খাতে দরকার হচ্ছে ৪০০ কোটি টাকার বেশি। ফলে নতুন করে প্রাক্কলন তৈরি ও বাড়তি অর্থ বরাদ্দ পাওয়া সময়সাপেক্ষ ব্যাপার। এ অবস্থায় সময়মতো প্রকল্পটি বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সওজের কর্মকর্তারা। এদিকে, সড়ক সম্প্রসারণের জন্য সওজ গত বছরের নভেম্বরে প্রকল্প এলাকা অক্সিজেন থেকে বালুছড়া, হাটহাজারীর চৌধুরীহাট ও ফতেপুর মদনঘাট এলাকায় মোট ৩ দশমিক ৭০ কিলোমিটার অংশ খুঁড়ে রেখেছে। কাজ শেষ না হওয়ায় ওই খোঁড়া অংশ এখন মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রমতে, অক্সিজেন থেকে হাটহাজারী সদর পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের হাটহাজারী সড়কের (বিভাজকসহ) সম্প্রসারণের জন্য ২০০৭ সালে সওজ বিভাগ একটি প্রাক্কলন পাঠায় যোগাযোগ মন্ত্রণালয়ে। ২০১০ সালের জুনে প্রকল্পটি একনেকে (জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ) অনুমোদিত হয়। সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, ‘প্রকল্পের জন্য বরাদ্দ মোট ১২৯ কোটি টাকার মধ্যে ৫৩ কোটি টাকা জমি ও অন্যান্য অবকাঠামোগত ক্ষতিপূরণ বাবদ। প্রকল্পের ছাড়পত্র যখন তৈরি করা হয়েছিল তখন জমির দাম ছিল কম। কিন্তু বর্তমানে জমির দাম বেড়ে যাওয়ায় এখন দরকার হচ্ছে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা।’এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১২৯ কোটি টাকার মধ্যে আমরা গত বছর পেয়েছি মাত্র আট কোটি টাকা। এর মধ্যে পাঁচ কোটি টাকা বিদ্যুতের খুঁটি সরানোর জন্য পিডিবিকে দেওয়া হয়েছে। বাকি তিন কোটি টাকা দিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। তবে সময়মতো কাজ শেষ হবে কি না, তা বলা যাচ্ছে না।’জেলা প্রশাসন সূত্র জানায়, প্রকল্পের জন্য প্রায় ১৩ হেক্টর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। চলছে জমি ও অন্যান্য অবকাঠামোগত ক্ষতিপূরণের জন্য প্রাক্কলন তৈরির কাজ। এ প্রকল্পের কিছু অংশ নগর ও সিটি করপোরেশন এলাকার আওতাভুক্ত হওয়ার কারণে জমি অধিগ্রহণের নোটিশ জারির চূড়ান্ত অনুমোদন চেয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। সরেজমিন কুলগাঁও গিয়ে দেখা যায়, সড়কের খোঁড়া অংশে প্রায় ৬০ শতাংশ মাটি ভরাট করে ম্যাকাডম (ইটের খোয়া বিছানো) করা হয়েছে। ৪০ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে। কুলগাঁও বটতলী বাজারের সামনে দীর্ঘ ৪০০ ফুট সড়কে বিছানো ইটের খোয়া সেনানিবাস এলাকার পাহাড়ি ঢলে বিলীন হয়ে গেছে। সম্প্রসারণের জন্য খোঁড়া সড়কের বিভিন্ন অংশ দিয়ে যানবাহন ও পথচারীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানান, সাম্প্রতিক সময়ের বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। কুলগাঁও বটতলী বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘তাঁরা (ঠিকাদার) রাস্তা খুঁড়ে ফেলে রেখেছেন সাত মাস ধরে। ইতিমধ্যে সম্প্রসারণের জন্য খোঁড়া রাস্তায় বিছানো ইটের খোয়ার অনেকগুলো বিলীন হয়ে গেছে, কার্পেটিং তো অনেক দূরের কথা।’ চৌধুরীহাট এলাকায় গিয়ে দেখা যায়, সম্প্রসারণের জন্য খোঁড়া রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে আছে। এ অবস্থায় সড়কের ওই সব অংশ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। ব্যাহত হচ্ছে যান চলাচলও।অক্সিজেন মোড়ের কাছে ঝাড়ুয়ার দিঘি এলাকায় গিয়েও দেখা গেছে একই রকম চিত্র।