হাটহাজারীতে কমছে আবাদি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীতে আবাদি জমির পরিমাণ দিন দিন কমছে। এসব জমিতে নির্মাণ করা হচ্ছে বসতঘর, ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা। এতে উপজেলায় খাদ্য উৎপাদনও কমছে। গত সাত বছরে প্রায় ২০০ একর চাষযোগ্য জমি অনুৎপাদনশীল খাতে চলে গেছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি ও পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, ২৫৫ বর্গকিলোমিটার আয়তনের হাটহাজারী উপজেলায় ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী পরিবারের সংখ্যা ছিল ৬৭ হাজার ১৪৭টি। ২০১১ সালে তা বেড়ে হয়েছে ৮০ হাজার ২৭৭টি। ১০ বছরের ব্যবধানে পরিবারের সংখ্যা বেড়েছে ১৩ হাজার ১৩০টি। বাড়তি পরিবারের লোকজনের আবাসিক সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া এলাকায় ইটভাটাও করা হয়েছে বেশ কটি। সবচেয়ে বেশি স্থাপনা গড়ে উঠেছে পৌর এলাকা, বুড়িশ্চর, চিকনদণ্ডী ও ফতেহপুর এলাকায়। সব মিলিয়ে সাত বছরে আবাদি জমির পরিমাণ কমেছে প্রায় ২০০ একর। সে অনুপাতে কমেছে ফসল উৎপাদন। বিশেষ করে আমন উৎপাদন কমার হার আশঙ্কাজনক।
সূত্র জানায়, ২০০৮-২০০৯ সালে এ উপজেলায় আমন উৎপাদন হয়েছিল ২৮ হাজার ৮৬২ মেট্রিকটন। সে ক্ষেত্রে ২০১৩ সালে উৎপাদন হয়েছে ২৩ হাজার ২৭৫ মেট্রিক টন। চার বছরে কমেছে পাঁচ হাজার ৫৮৭ মেট্রিক টন। পুরো উপজেলায় বর্তমানে ৮৬ হাজার ৯১৮ মেট্রিক টন খাদ্যের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ৩৭ হাজার ৬৭ মেট্রিক টন। ফতেপুর ইউনিয়নের বাসিন্দা আবুল হাসেম জানান, হাটহাজারী অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এবং যোগাযোগ অবকাঠামোর দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফলে এখানে পার্শ্ববর্তী উপজেলা থেকে অনেকে এসে বিশেষ করে প্রবাসীরা জায়গা-জমি কিনে বসতঘর ও বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ করছেন। এতে ফসলি জমি কমছে।
উত্তর মির্জাপুর এলাকার পণ্ডিতবাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, আবাসিক ও বাণিজ্যিক খাতে যে হারে জমির ব্যবহার বাড়ছে, তাতে একদিকে জমির পরিমাণ কমছে, অন্যদিকে পাশাপাশি কমছে খাদ্য উৎপাদন। এভাবে আবাদি জমি কমতে থাকলে খাদ্য উৎপাদন আরও কমবে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দীন বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, প্রতিবছর ধানি জমি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।
২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাত বছরে কৃষিজমিতে বিভিন্নভাবে বসতবাড়ি, ইটভাটা স্থাপনের কারণে প্রায় দু শ একর আবাদি জমি কমেছে। এ রকম অবস্থা চলতে থাকলে উপজেলায় খাদ্য উৎপাদন আরও কমবে।