হাটহাজারীতে সাত ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীতে ইটভাটার গ্রাম বলে পরিচিত চারিয়া ও মির্জাপুর এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ ফরিদ আহমদ এই অভিযান চালান। এ সময় তিনি সাতটি ইটভাটাকে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন না মানার কারণে সংশ্লিষ্ট ইটভাটাকে এই জরিমানা করা হয়েছে বলে শেখ মোহাম্মদ ফরিদ আহমদ প্রথম আলোকে জানিয়েছেন।জানা যায়, লাইসেন্স নবায়ন না করায় ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে ন্যাশনাল ব্রিকসকে ৫০ হাজার, শাহ আমানত ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স কাদেরিয়া ব্রিকসকে ৫০ হাজার, বাবুল নন্দীর ইটভাটাকে ২৫ হাজার, পরিবেশ ছাড়পত্র না থাকায় মেসার্স ডুবাই ব্রিকসকে ২৫ হাজার, চারিয়া ব্রিকস ওয়ার্কসকে ৪০ হাজার ও গাউসিয়া ব্রিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের হিসাব মতে, এ দুটি গ্রামে ২৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি ইটভাটা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ মেনে ইট উৎপাদন কার্যক্রম চালালেও বেশির ভাগ ইটভাটার মালিকেরা তা মানছেন না। অনেক ইটভাটায় ইট তৈরির জন্য এখনো কৃষিজমির টপসয়েল ব্যবহার এবং কয়লার পাশাপাশি কাঠ পোড়ানো হচ্ছে। অভিযানের নেতৃত্ব দানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ বলেন, ‘অভিযান পরিচালনার সময় পরিবেশ ছাড়পত্র এবং সংশ্লিষ্ট ইটভাটার লাইসেন্স হালনাগাদ আছে কি না সে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর আলোকিত চট্টগ্রামের প্রথম পৃষ্ঠায় ‘দুই গ্রামে ২৮ ইটভাটা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।