হাটহাজারীর আমান বাজার শান্তি কলোনিতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর আমান বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৬ মার্চ রাতে দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের শান্তি কলোনিতে এই ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।সূত্র জানায়, ১৬ মার্চ রাত পৌনে ১২টায় বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রাত একটার দিকে বায়েজিদ ও হাটহাজারী সদর থেকে দমকল বাহিনী ছুটে এলেও ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না থাকায় আগুন নেভাতে পারেনি। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা বলেন, শান্তি কলোনি থেকে ছড়ার পাশ দিয়ে প্রস্তাবিত খোশাল শাহ বাইলেনটি উন্নয়ন করা হলে অগ্নিনির্বাপণকেন্দ্রের গাড়ি ঘটনাস্থলে যেতে সমস্যা হতো না। কিন্তু কিছু ছড়ার ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলায় সড়কটি তৈরি করা যাচ্ছে না। স্থানীয় মো. ইলিয়াছ বলেন, ‘রয়েল সার্ভে বা আরএস রেকর্ড অনুযায়ী বিদ্যমান ছড়াটির প্রস্থ ৪০ ফুট। এলাকাবাসী ছড়ার ১৫ ফুট জায়গা ভরাট করে সড়ক তৈরির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট বোর্ডে আবেদন করেছেন। কিন্তু বছরখানেক আগে কিছু প্রভাবশালী লোক ছড়ার জায়গার ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলেন। আমরা র‌্যাবকে বিষয়টি জানালে র‌্যাব এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়।’ জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম চৌধুরী বলেন, ‘শান্তি কলোনি পর্যন্ত খোশাল শাহ বাইলেন নামে একটি সড়ক উন্নয়নের জন্য আট লাখ টাকা সিটি করপোরেশন থেকে বরাদ্দ দেওয়ার প্রেক্ষিতে বছরখানেক আগে কাজও শুরু হয়। কিন্তু স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে সিটি মেয়রের কাছে মিথ্যা অভিযোগ দিলে মেয়রের নির্দেশে কাজ বন্ধ হয়ে যায়।’