হাটহাজারীর নেয়ামত আলী সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নেয়ামত আলী সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ডোবার মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক বছর ধরে সড়কের এমন করুণ অবস্থা দেখা গেলেও এর সংস্কারে স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বর্তমানে বৃষ্টির পানি ও কাদায় একাকার হয়ে যাওয়ায় সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আমানবাজার থেকে শুরু করে পূর্বে নজুমিয়াহাট কাপ্তাই সংযোগ সড়ক পর্যন্ত এ সড়ক বিস্তৃত। নজুমিয়ারহাট, যুগিরহাট, ইউনুছনগর, খন্দকিয়াসহ আশপাশের লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এটি। এ সড়ক দিয়ে আশপাশের এলাকার মানুষসহ কেসি জিয়াউর রহমান কলেজ, কেএস নজুমিয়া উচ্চবিদ্যালয়, কেসি বালিকা বিদ্যালয়, দরবেশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরেবাংলা (রহ.) মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীসহ চার-পাঁচটি বাজারের লোকজন নিয়মিত চলাচল করেন। গত সোমবার দুপুরে কেএস নজুমিয়া উচ্চবিদ্যালয় ছুটির পর দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই কষ্টে কাদাপানি মাড়িয়ে সড়কের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছে। এসময় বিদ্যালয়ের ছাত্রী শারমিন নাহার ক্ষোভের সঙ্গে বলল, ‘এ সড়কে কাদাপানি মাড়িয়ে অনেক কষ্টে আমরা আসা-যাওয়া করি। মনে হয়, আমাদের এ কষ্ট দেখার জন্য কেউ নেই।’ তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সহপাঠী রাসেল, সুমি, কামাল সড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ আহমদ কয়েক বছর ধরে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জানান, সড়কটি সংস্কারের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিসহ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। এ ছাড়া, ইতিপূর্বে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিনহাজুল ইসলাম বলেন, ‘খানা-খন্দকে ভরা এ সড়কে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ এবং যাত্রীদের মূল্যবান সময়।’ চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আড়াই বছর ধরে সড়কের করুণ অবস্থা উল্লেখ করে প্রথম আলোকে জানান, তিনি উপজেলা পরিষদের সমন্বয় সভায় সড়কটি সংস্কারের জন্য অনেকবার দাবি জানালেও কর্তৃপক্ষ কোনা উদ্যোগ নিচ্ছে না। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল জানান, সড়কটি সংস্কারের জন্য অর্থবরাদ্দ হয়েছে, চলতি অর্থবছরের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।