হাটে বসেও অনলাইনে ক্লাস করেছি
মাহিন রহমান পড়েন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির তৃতীয় বর্ষে। বিবিএ—বিষয়টা যে কেবল ঝোঁকের বশে বেছে নিয়েছেন, তা নয়। ব্যবসার প্রতি ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক আছে। ছোটবেলায় নববর্ষের কার্ড বিক্রি থেকে শুরু করে বড় হয়ে ফুলকপি, ব্রকলি কিংবা ক্যাপসিকামের চাষ—নানা ধরনের ব্যবসা তিনি করেছেন।
ক্যাম্পাস বন্ধ। এক বছরের বেশি সময় ধরে নেত্রকোনায় নিজ বাড়িতে বসে অনলাইনে ক্লাস করছেন। গত বছর কোরবানির ঈদের আগে ভাবনাটা প্রথম তাঁর মাথায় আসে। অনলাইনের মাধ্যমে ক্রেতা ও খামারিদের মধ্যে সংযোগ স্থাপন করে দেন তিনি।
প্রথমবার ছয়টা গরু বিক্রি করেছিলেন। লাভ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু সে জন্য পরিশ্রমও করতে হয়েছে খুব। মাহিন বলছিলেন, ‘মানুষ অনলাইনে অর্ডার করেছে। আমি বাড়ি বাড়ি গিয়ে গরু পৌঁছে দিয়েছি। সব অর্ডারই এসেছিল ঢাকা থেকে। নেত্রকোনা থেকে ঢাকায় যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৬০ ঘণ্টা আমাকে ট্রাকে থাকতে হয়েছে।’
হাট ঘুরে ঘুরে গরুর দাম যাচাই করেছিলেন মাহিন। কখনো কখনো হাটে বসে অনলাইনে ক্লাসও করতে হয়েছে। কিন্তু এত পরিশ্রম বৃথা যায়নি। ব্যবসায় লাভ তো হয়েছেই। বিশ্ববিদ্যালয়জীবনের সর্বোচ্চ সিজিপিএ (৩.৮০) পেয়েছেন সেই সেমিস্টারে। বন্ধু ও শিক্ষকেরাও খুব অনুপ্রেরণা দিয়েছেন।
এত সময় লাগল কেন?
‘সব কটিই তো দেশি গরু। ভীষণ তেজি। একটার সঙ্গে আরেকটার মারামারি লেগে যায়। ১৫ মিনিট পরপর ট্রাক থামিয়ে ওদের শান্ত করতে হয়েছে। তার ওপর দীর্ঘ যানজট তো ছিলই।’
হাট ঘুরে ঘুরে গরুর দাম যাচাই করেছিলেন মাহিন। কখনো কখনো হাটে বসে অনলাইনে ক্লাসও করতে হয়েছে। কিন্তু এত পরিশ্রম বৃথা যায়নি। ব্যবসায় লাভ তো হয়েছেই। বিশ্ববিদ্যালয়জীবনের সর্বোচ্চ সিজিপিএ (৩.৮০) পেয়েছেন সেই সেমিস্টারে। বন্ধু ও শিক্ষকেরাও খুব অনুপ্রেরণা দিয়েছেন।
এ বছরও হাটের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন মাহিন। পাঁচটি গরু কিনে খামারিদের কাছে দিয়েছিলেন। এ বছর বিক্রি হলে মাহিন ও খামারি, লাভ দুজনের মধ্যে সমানভাগে ভাগ হবে। এ ছাড়া গ্রামের অন্য খামারিদের গরুর ছবিও ফেসবুক পেজে দেবেন তিনি। বিক্রি হলে লভ্যাংশ পাবেন।
গত বছর অনলাইনে গরু বিক্রির সময় মাহিন রহমানের কোনো ফেসবুক পেজ ছিল না। এবার ‘হাসিনা অ্যাগ্রো’ নামে পেজ খুলেছেন তিনি। মাহিনের মায়ের নাম হাসিনা মমতাজ। গতবার কোরবানির ঈদের কদিন পরই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। ছেলে তাঁর নামে একটা উদ্যোগ শুরু করেছে জানলে আজ মা-ই হয়তো সবচেয়ে খুশি হতেন।