হাটেই পচে যাচ্ছে কলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হরতালে বিপাকে পড়েছেন রাঙ্গুনিয়া উপজেলার সহস্রাধিক কলা বিক্রেতা। শহর থেকে পাইকারি ব্যবসায়ী না আসায় হাটেই পচে নষ্ট হচ্ছে কলা। এতে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।বিক্রেতারা জানান, রাঙ্গুনিয়া পৌর সদরের ইছাখালী এলাকায় সপ্তাহের শনি ও মঙ্গলবার কলার হাট বসে। রাঙামাটি পার্বত্য জেলার লংগদু, বরকল, বিলাইছড়ি, ফারুয়া ও রাজস্থলী উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে আদিবাসীদের কাছ থেকে কলা কিনে এনে এ হাটে বিক্রি করেন বিক্রেতারা। উপজেলার মরিয়মনগর, চন্দ্রঘোনা কদমতলী, বেতাগি, পোমরা, সরফভাটা, পারুয়া, পদুয়া, শিলক, কোদালা, লালানগর, স্বনির্ভর ইউনিয়ন ও রাঙ্গুনিয়া পৌরসভার সহস্রাধিক বিক্রেতা এ হাটে কলার ব্যবসা করে সংসার চালান। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হরতালের কারণে কলা ব্যবসায় ধস নেমেছে।মুরাদনগর পৌর এলাকার কলা বিক্রেতা আমির হামজা জানান, চট্টগ্রাম শহরের পাইকারি কলা ব্যবসায়ীরা এ হাট থেকে কলা কিনে সারা দেশে নিয়ে যান। কিন্তু হরতালের কারণে এক মাস ধরে ক্রেতারা কলা কিনতে ইছাখালী আসছেন না। আবার বিক্রি না হওয়া কলা কোথাও নেওয়াও যাচ্ছে না। এ কারণে হাটেই কলা স্তূপ করে রেখে দেওয়ায় পচে নষ্ট হয়ে যাচ্ছে। আরেক বিক্রেতা ব্যবসায়ী মো. ইউসুফ জানান, এক মাস ধরে শত শত ব্যবসায়ীর হাজার হাজার ছড়া কলা পচে গেছে। এক মাসে তাঁর তিন লাখ টাকার কলা নষ্ট হয়ে যায়। তাঁর মতো ওই সময়ে সহস্রাধিক ব্যবসায়ীর দুই কোটি টাকার বেশি কলা নষ্ট হয়েছে। ইছাখালী কলার হাটের ইজারাগ্রহীতা আইয়ুব হোসেন বলেন, ‘ইছাখালী কলার হাটে প্রতি সপ্তাহে ৭০ থেকে ৭৫ লাখ টাকার কলা বেচাকেনা হতো। অথচ এক মাস ধরে প্রতি সপ্তাহে মাত্র চার থেকে পাঁচ লাখ টাকার কলা বেচাকেনা হয়েছে। কলা বিক্রি না হওয়ায় হাসিলও পাচ্ছি না ঠিকমতো।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, রাঙ্গুনিয়ায় ইছাখালী হাটের পাহাড়ির কলার সুনাম সবখানে। ফলে এসব কলার ক্রেতাও বেশি। কিন্তু হরতালের কারণে ক্ষতির মুখে পড়েছেন কলা ব্যবসায়ীরা।