হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল আলম, ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী
রিয়াজুল আলম, ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আজ রোববার সকাল আটটা থেকে শুরু হবে। উপজেলার ১১টি ইউনিয়নের ৫০টি ভোটকেন্দ্রে ১ লাখ ৩৯ হাজার ৮০১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে নতুন চেয়ারম্যান নির্বাচিত করবেন।
নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-সমর্থিত তিন প্রার্থী। তাঁরা হলেন প্রয়াত চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীর ছেলে ও বিএনপি-সমর্থিত প্রার্থী মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী (আনারস), আওয়ামী লীগের রিয়াজুল আলম (মোটরসাইকেল) এবং জামায়াতে ইসলামীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান (ঘোড়া)।
ভোটাররা জানান, তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। নিজ নিজ প্রার্থীর পক্ষে তিন দলের নেতা-কর্মীরা মরিয়া হয়ে নেমেছেন।
গত ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী ৩৩ হাজার ৩০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের চার মাসের মাথায় গত ১১ আগস্ট ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর এই উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়।
সরেজমিনে ও ভোটারদের সঙ্গে আলাপে জানা যায়, চেয়ারম্যান পদটি দখলের জন্য জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা শুরু থেকে মরিয়া হয়ে মাঠে নামেন। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুলের পক্ষে তেমনটা দেখা যায়নি। কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সাইমুম সরওয়ার রিয়াজুলের পক্ষ নেওয়ায় দলের অনেকে নীরব থাকেন। শেষ পর্যন্ত ১৭ ডিসেম্বর দলের নেতা-কর্মীদের মহাজোট প্রার্থী রিয়াজুলের পক্ষে মাঠে নামার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে নির্দেশনা পাঠাতে হয়েছে।
ওই নির্দেশনায় রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীকে রিয়াজুলের পক্ষে মাঠে নেমে বিজয় নিশ্চিত করার অনুরোধ করা হয়। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, রামু হচ্ছে বিএনপির দুর্গ। জনগণ ভোট দিয়ে বাবার চেয়ারে ছেলেকে (মাহিন) বসিয়ে এলাকার উন্নয়নের সুযোগ দেবেন। তিনি বলেন, মাহিনের বিজয় দেখে একটি চক্র ভোট কারচুপির চক্রান্ত করছে। কারচুপি বা কোনো ধরনের অনিয়ম হলে রামু থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।
মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী জানান, বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন ও মানুষের ভালোবাসার প্রতিদান দিতে তিনি প্রার্থী হয়েছেন।
এদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুল আলমের সমাবেশ থেকে সাংসদ সাইমুম সরওয়ার বলেন, রিয়াজুলকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করুন। এলাকার ব্যাপক উন্নয়ন হবে। রিয়াজুল চেয়ারম্যান হলে বিজয় হবে জনগণের, সরকারের।
তবে কেন্দ্রের নির্দেশ থাকা সত্ত্বেও রিয়াজুলের সভা-সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কোনো নেতাকে দেখা যায়নি।
জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ বলেন, ‘আমাদের প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের জয়লাভের সম্ভাবনা বেশি। কিন্তু সরকারি দল কোনো কারচুপির চেষ্টা করলে আমরা বসে থাকব না।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হাসান বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গোলযোগ বা বিশৃঙ্খলা দেখা দিলে কঠোরহস্তে তা দমন করা হবে। এর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক।