পাহাড়তলী রেলওয়ে উচ্চবিদ্যালয়ের পথ ধরে এগোচ্ছিলাম। সামনে রেলওয়ে ওয়ার্কশপ। দুপুরের প্রচণ্ড রোদের দাপট মাথায় নিয়ে মধ্যহ্ন বিরতিতে রেল কর্মচারীরা বাসায় ফিরছেন। রাস্তায় পোস্টার টাঙাতে দেখে চলতি পথে এঁদের দুজন বললেন, ‘এবার হীরন ভাইয়ের (মোহাম্মদ হোসেন ওরফে হীরন) জেতা কঠিন হবে। জামায়াতের মাহফুজুল আলমের সঙ্গে হাড্ডাহড্ডি লড়াই হবে।’ অপরজন বললেন, ‘হীরন ভাইয়ের নামে তো নানা বদনাম আছে। মানুষ তো এখন সচেতন। তাঁরা জেনে বুঝেই ভোট দেবেন।’ আসলেও তাই। সেগুনবাগান এলাকায় কথা হয় রাসেল রহমান নামে এক তরুণের সঙ্গে। ‘মানুষ এখন পরিবর্তন চায়। এবারের নির্বাচনে ভোটারেরা তারই প্রমাণ দেবেন।’ এর বেশি কিছু বলতে চাইলেন না ওই তরুণ। ঝাউতলা ওয়ার্লেস কলোনিতে গিয়ে কথা হয় দোকানি আসলাম মিয়ার সঙ্গে। ‘হীরন ভাই বিহারি কলোনিসহ এলাকার রাস্তাঘাটের অনেক উন্নতি করেছেন। উনিই জয়ী হবেন।’ ১৩ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন—খালেদ আজাদ, মনিরুল ইসলাম, মাহফুজুল ইসলাম ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন ওরফে হীরন। এর মধ্যে আসল লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত হীরন এবং জামায়াতে ইসলামীর মাহফুজের মধ্যে। কিন্তু দুবার নির্বাচিত কাউন্সিলর নানা কারণেই এলাকাবাসীর কাছে সমালোচিত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি চাঁদাবাজির মামলায় অভিযুক্ত হয়েছিলেন। যদিও পরবর্তীকালে এ থেকে রেহাই পান। এ প্রসঙ্গে মোহাম্মদ হোসেন হীরন বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে।’ আর জায়গা দখলের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে প্রভাব ফেলেছেন মাহফুজ। বস্তি এলাকায় নলকূপ স্থাপন, গরিব শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, যৌতুকবিরোধী বিয়ে, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতার ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিচালনা করেছেন। ‘উনি (মাহফুজুল ইসলাম) জামায়াতের লোক হলেও আসলে এলাকায় অনেক কাজ করছেন। ফলে দলমত-নির্বিশেষে তাঁর প্রতি একটা মৌন সমর্থন তৈরি হয়ে গেছে। তা ছাড়া এলাকাবাসী এ মুহূর্তে একটা পরিবর্তন চান। একে কাজে লাগিয়ে তিনি এগিয়ে যেতে পারেন।’ বলছিলেন শাহেদুল মোস্তফা নামে একজন ভোটার। এর আগে দুবার নির্বাচনে লড়েছেন মাহফুজ। এবার জয়ের ব্যাপারে আশাবাদী। বললেন, ‘আমি এর আগে জয়ী হতে পারিনি সত্যি। কিন্তু আমি এলাকার লোকজনের জন্য কাজ করেছি নিঃস্বার্থভাবে। আপনি এলাকায় খবর নিলেই জানবেন।’ এসব খরচের টাকা কোথায় পেলেন? ‘আমার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছি।’ জানালেন মাহফুজ। ‘আগামীদিনে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, পানীয়জলের সমস্যা সমাধানে আরও উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে।’ দুমেয়াদের উন্নয়নকাজ প্রসঙ্গে মোহাম্মদ হোসেন ওরফে হীরন বলেন, ‘আমার কাজ তো উন্নয়ন করা নয়। সেটা হচ্ছে সিটি করপোরেশনের কাজ। হ্যাঁ, বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করে থাকি। আমার কাজ হচ্ছে সচেতন করা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করা, পেশিশক্তির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করা। আমি এলাকায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধের মতো বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছি।’ তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা দখলের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এগুলো সবই মিথ্যা।’