হাত দুটো দাও বাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে...’ গান বাজছে। সুর মেলাচ্ছে কেউ কেউ। গাড়ি মাত্র রওনা হলো কুমিল্লার উদ্দেশে, ঘড়িতে তখন সকাল সাতটা ৩০। উত্তেজনায় সবার ঘুম ভোর পাঁচটায় ভেঙে গেছে। অনেক দিন থেকেই মনে হচ্ছিল, সেকেন্ড ইয়ারে একটা পিকনিকে যাওয়া দরকার। তবে প্রথমে বলে ইন্তেখাব। তার পরই আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেলের ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করে কুমিল্লা ভ্রমণের। কুমিল্লার বন্ধুদের কাছ থেকে ঐতিহ্যবাহী কুমিল্লার কথা শুনে তাই আগ্রহও ছিল একটু বেশি। গাড়িতে চলছিল গান, অভিনয়, ছড়া আর আড্ডা। টুইংকেল টুইংকেল ছড়া বলে প্রথম হয় নাজ। নয়টায় সবার হাতে পৌঁছে যায় সকালের নাশতা। সাড়ে ১০টায় আমরা পৌঁছাই ওয়ার সিমেট্রিতে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৬ জন সেনার সমাধি ছিল। কবরগুলো দেখে আমরা যেন চলে গিয়েছিলাম সেই ১৯৪৪ সালে। ৭ জুন, ১৯৪৫-এ মারা যাওয়া টি এফ স্যান্ডিলহ্যান্ডসের কবরে লেখা উদ্ধৃতি সবারই মন ছুঁয়ে যায়, ইন মাই লাভিং মেমোরি অব মাই ডিয়ার হাজবেন্ড গন ফ্রম মাই সাইড বাট এভার ইন মাই হার্ট।এরপর রওনা দিই ‘ময়নামতি বৌদ্ধবিহার’ দেখব বলে। পথে দেখা মেলে ভাস্কর্য ‘যুদ্ধ জয়’। শালবন বিহার, মন্দির দেখে সবাই মুগ্ধ। কুমিল্লার বিখ্যাত ভুনাখিচুড়ির আয়োজন করে ইন্তেখাব, রাহুল, মিল্লাত। কুমিল্লার ছেলে আশিক, অচিনসহ অন্যরা নিয়ে আসে রসমালাই।এরই মধ্যে বেলা তিনটায় এসে পৌঁছাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। টিলার ওপর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দেখে সবাই রোমাঞ্চিত।এত আনন্দ আর হইহুল্লোড় করলেও বাংলাদেশের ক্রিকেট ম্যাচের খবর শুনছিলাম নিয়মিতই। বিকেল চারটায় বাস থামে ‘কুমিল্লা বার্ড’-এর গেটে। ছোট ছোট লাল মাটির পাহাড়গুলো আসলেই মন কেড়ে নিয়েছে সবার। সন্ধ্যা পেরিয়ে গেছে, রওনা দিই ফিরব বলে। সবাই যখন ক্লান্তিতে প্রায় ঘুমিয়ে যাওয়ার অবস্থা, হঠাৎ শুনি মিলির চিৎকার, ‘বাংলাদেশ জিতেছে।’ আনন্দে ফেটে পড়ে বাসের সবাই। স্বপ্নপূরণের এমন উপলক্ষ সব সময় মেলে না।