হাত ধোয়ার অভ্যাস

২০০৮ সাল থেকে নিয়মিত ১৫ অক্টোবর দিনটিকে বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। আগামীকাল সেই হাত ধোয়া দিবস। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। কেন হাত ধোয়া জরুরি, সেটা এ বছর অনেকেই বুঝে গেছেন করোনাভাইরাসের কারণে। আর তাই হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘হ্যান্ড হাইজিন ফর অল’।

এই সময়ে বারবার হাত ধোয়া জরুরি। মডেল: সাবিলা নূরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত ধোয়ার সঠিক নিয়ম

পরিষ্কার পানিতে হাত ধুয়ে নিন।
ছবি: প্রথম আলো

হাত ধোয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়োর দরকার নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সঠিকভাবে হাত ধুতে পারেন। স্যানিটাইজার বা দস্তানা (গ্লাভস) ব্যবহারের ক্ষেত্রেও তাদের নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। ঠিকমতো হাত পরিষ্কার করতে এই ধাপগুলো মেনে চলতে পারেন।

  • দুই হাত কনুই পর্যন্ত ভিজিয়ে নিন।

  • এবার হাতে পর্যাপ্ত সাবান লাগান।

  • এবার দুই হাত একসঙ্গে ঘষে ফেনা তৈরি করুন।

  • এক হাত দিয়ে আরেক হাত ঘষতে থাকুন।

  • দুই আঙুলের ফাঁকের জায়গাগুলো ভালোমতো ঘষুন।

  • নখগুলো সাবানের ফেনার সঙ্গে ঘষুন। হাতের তালুতেও নখ ঘষতে পারেন।

  • কনুই পর্যন্ত সাবান ব্যবহার করে ঘষে নিতে পারেন।

  • এভাবে ২০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত দুই হাত ঘষে নিন।

  • এবার একটি পাত্রে পানি ঢেলে বা চলমান পানির কলে হাত ধুয়ে নিন।

  • একটি পরিষ্কার তোয়ালে বা কাপড়ে হাত মুছে নিন।

  • পানির কল ছেড়ে হাত ধুলে অবশ্যই সেটা বন্ধ করুন। কল বন্ধ করতে সরাসরি হাত ব্যবহার না করে, তোয়ালে বা টিস্যুর সাহায্য নিতে পারেন।

শুরু হোক পরিবার থেকে

বিশেষজ্ঞদের পরামর্শ, হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি পারিবারিক শিক্ষা হিসেবে শিশু বয়সে শুরু করা উচিত। এতে নিয়মিত ব্রাশ করা বা গোসলের মতো হাত ধোয়াকেও গুরুত্বপূর্ণ মনে করবে শিশুরা। আর শিশু বয়স থেকে শিখে নিলে বড় হয়েও সেটা তাদের মনে গেঁথে যাবে। তবে শিশুদের শেখানোর আগে বিষয়টি মেনে চলতে হবে বড়দেরও। খাবার তৈরি ও পরিবেশনের আগে অবশ্যই হাত ধোয়া উচিত বড়দের। খাবার খেতে বসার সময় হাত ধুয়ে নিতে হবে ছোট-বড় সবার। এ ছাড়া প্রস্রাব, পায়খানার পর ভালোমতো সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। ময়লা জিনিস স্পর্শ করার পর হাঁচি বা কাশি দিলেও হাত ধুতে হবে। এই অভ্যাসগুলো যদি নিয়মিত করা যায়,
তাহলে শিশুদের মধ্যে সেটা সহজেই অভ্যাসে পরিণত হবে।