হাত-পায়ের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই নিজেকে নতুনভাবে সাজাতে চলে জোর প্রস্তুতি। ত্বক থেকে চুল পর্যন্ত নেওয়া হয় আলাদা যত্ন। তবে অনেকেই ভুলে যান হাত-পায়ের যত্ন নিতে। অথচ ঈদের আগেই ঘুরে ঘুরে কেনাকাটা করে পায়ের নাজেহাল দশা। আর ইফতারের বাড়তি আয়োজন করতে গিয়ে হাতের ওপর ধকল একটু বেশিই যায়। তাই ঈদে রূপচর্চার প্রস্তুতির সঙ্গে হাত-পায়ের বিশেষ যত্নের কথা বলেন প্রিভে স্যালন অ্যান্ড স্পার রূপবিশেষজ্ঞ নাহিলা হেদায়েত। তিনি বলেন, ‘পা ও হাতের যত্ন বিশেষভাবেই নেওয়া দরকার। কেননা, পরিচ্ছন্ন হাত-পা সৌন্দর্য বাড়িয়ে দেয়। যাঁরা বাইরে বেশি ঘোরাঘুরি করেন, তাঁদের মাসে অন্তত দুবার পেডিকিউর করা উচিত। আর মাসে একবার ম্যানিকিউর করা ভালো।’ নেইল কাটার, ব্রাশ, কিউটিকল পুশার, বাফার বা শাইনার ইত্যাদি প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে থাকলে আপনি ঘরে বসেই করে ফেলতে পারেন পেডিকিউর আর ম্যানিকিউর। সাধারণত পায়ের তালুর মৃত কোষ তুলতে, রোদপোড়া ভাব দূর করতে এবং পায়ের আর হাতের ত্বকে ছোপ ছোপ দাগ থাকলে এই দাগ তুলতে ম্যানিকিউর, পেডিকিউর দরকারি—এমনটা বলেন এই রূপবিশেষজ্ঞ। পদ্ধতিম্যানিকিউর ও পেডিকিউর করার পদ্ধতি একই ধরনের। প্রথমে পরিষ্কার পানি দিয়ে হাত-পা ধুয়ে নিতে হবে। এরপর নখ ফাইল করতে হবে। অর্থাৎ নখ কেটে ও ঘষে পছন্দমতো আকার দিতে হবে। পরে একটা পাত্রে হালকা গরম পানি দিয়ে তাতে সমুদ্রের দানা করা লবণ (হলে ভালো হয়) আর শ্যাম্পু দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। সমুদ্রের এই দানা করা লবণ ব্যবহারের কারণ হলো, এই লবণ ত্বকের জন্য ভালো। এরপর ব্রাশ দিয়ে ঘষতে হবে। পায়ের গোড়ালিতে কিছুটা জোরে ঘষা দিলে মৃত কোষ উঠে যায়। তবে হাতে আলতো করে ঘষতে হবে। নখের কোনার অংশ কেটে ফেলতে হবে। যাঁদের হাতের নখ নরম এবং বারবার ভেঙে যায়, তাঁরা ব্যবহার করতে পারেন রসুনের রস। এরপর ত্বকের ধরন বুঝে প্যাক তৈরি করে পা ও হাতে লাগাতে হবে। প্যাক লাগিয়ে প্যাকের ওপর প্লাস্টিকের আবরণ দিয়ে এবং তার ওপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে কিছু সময় রেখে ধুয়ে ফেলতে হবে। নরম কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলতে হবে। সবশেষে ময়েশ্চারাইজার ব্যবহার করলে হাত-পায়ের ত্বক থাকবে কোমল।ত্বকের ধরন বুঝে প্যাকশুষ্ক ত্বকের জন্য চালের গুঁড়া, দুধ, মধু, মুলতানি মাটি দিয়ে ঘরে প্যাক তৈরি করা যেতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য চালের গুঁড়া, মসুর ডাল বাটা, শসার রস এবং মুলতানি মাটি দিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। তবে যাঁদের পা এবং হাতের ত্বকে কালো দাগ পড়েছে, তাঁরা ত্বকের ধরন অনুযায়ী প্যাক তৈরি করে সঙ্গে মেশাবেন কাঁচা হলুদ।