হাত বাড়ালেই ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝখানে সবুজ ঘাসের মাঠ। তার দুই পাশে লাল বারান্দা। জায়গাটাকে তারুণ্যের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না। এখানকার নিয়মিত দৃশ্যপট হলো, তরুণ-তরুণীদের দলবেঁধে আড্ডা, হই-হুল্লোড় আর কখনোসখনো আড্ডার ফাঁকে বন্ধুর কাছ থেকে পড়া বুঝে নেওয়া। আর কোনো উত্সব, জাতীয় দিবস বা বইমেলা হলে তো কথাই নেই। তিল ধারণের জায়গা থাকে না ঢাকা বিশ্ববিদালয়ের এই ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসিতে। বেশ কিছুদিন হলো তারুণ্যের এই রাজ্যে নতুন একটি দৃশ্য চোখে পড়ে। টিএসসির ভেতর কিংবা বাইরে ল্যাপটপ কোলে নিয়ে ইন্টারনেটে পৃথিবী ঘুরে বেড়ায় একদল তরুণ-তরুণী। কেউ বা ল্যাপটপ কম্পিউটারের বদলে ইন্টারনেট ব্যবহারযোগ্য মোবাইল ফোনসেটটি দিয়েই চেক করে নিচ্ছে ই-মেইল বা ফেসবুকের প্রোফাইলটি। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি চত্বর ও এর আশপাশের এলাকা রয়েছে তারহীন ইন্টারনেট ব্যবহারের জনপ্রিয় প্রযুক্তি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায়। আর তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেউ এখানে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে।টিএসসির বাইরের বারান্দায় বসে একমনে ইন্টারনেট ব্রাউজ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী অত্তুনুর। তিনি জানালেন, এখানে ল্যাপটপ নিয়ে বসে পড়লেই হলো। কোনো সফটওয়্যার ইনস্টল করার ঝামেলা নেই। নেই কোনো নিরাপত্তা কোডের ঝঞ্ঝাট। নির্বিঘ্নে বিনা মূল্যে ইন্টারনেট ব্রাউজ করা যায় যতক্ষণ খুশি ততক্ষণ। তবে মুশকিল হলো, এখানে ইন্টারনেটের গতি অনেক কম। সেই সঙ্গে নেটের গতি ওঠানামাও করে অনেক বেশি। প্রায় একই কথা বললেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান। সেই সঙ্গে যোগ করলেন, এই সুবিধা যদি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা নিদেনপক্ষে শিক্ষার্থীদের সব কয়টি আবাসিক হলে দেওয়া হতো, তাহলে আরও ভালো হতো।বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সুমনা বললেন, হলে কিংবা টিএসসির সাইবার ক্যাফেতে জায়গা পাওয়াটা রিতিমতো ভাগ্যের ব্যাপার। আগে কোনো অ্যাসাইনমেন্টে প্রয়োজনে বা পড়াশোনার কাজে ইন্টারনেট দরকার হলেই দৌড়াতে হতো নিলক্ষেত বা আশপাশের সাইবার ক্যাফেগুলোতে। একা কোনো মেয়ের পক্ষে সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করাটা ছিল আরও ঝক্কির। আর এখন নিজের ক্যাম্পাসে বসে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধাটা যেন পুরো পৃথিবীটাকেই হাতে মুঠোয় এনে দিয়েছে।শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, ঢাকার এই প্রাণকেন্দ্রে ঘুরতে এসে অনেকেই লুফে নেন আধুনিক প্রযুক্তির এই সুবিধাটুকু। মিরপুর কাজিপাড়া থেকে টিএসসিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসেছিলেন আহসান কবির। জানালেন, বন্ধুরা সবাই একসঙ্গে জড়ো হতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাদের জন্য অপেক্ষার এ সময়টা টিএসসিতে এসে মোবাইলে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে বেশ কেটে যায়। অনেকে আবার টিএসসির রাস্তার পাশে চা খেতে খেতে অফিসের জরুরি কাজটি সেরে নেন ল্যাপটপেই। আর তার পাশাপাশি চলে বন্ধুদের সঙ্গে আড্ডা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জানালেন, আগে ক্লাস শেষ করেই দ্রুত বাসায় চলে যেতাম ইন্টারনেটে দেশের বাইরে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেব বলে। আর তাই সব সময়ই মিস করতাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্ধুদের আড্ডাটা। আর এখন কাছের ও দূরের সব বন্ধুর সঙ্গেই একসঙ্গে আড্ডা দেওয়া যায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের এই সুবিধা এনে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির পরিচালক জুলফিকার হাফিজ জানালেন, শুধু টিএসসিই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভবনসহ আরও কয়েকটি বিভাগ ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। সেই সঙ্গে প্রক্রিয়াধীন আছে আরও বেশ কয়েকটি বিভাগ ও ভবন। পাশাপাশি কাজ চলছে ওয়াই-ফাইয়ের মাধ্যমে আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার।দেশের নীতিনির্ধারকদের কোনো অন্যায্য সিদ্ধান্ত যখন আমাদের স্বপ্নভঙ্গের কারণ হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি প্রাঙ্গণ আমাদের নতুন করে স্বপ্ন দেখায়। তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠ তখন আশার আলো ছড়ায় সবার মনে। প্রযুক্তির এই যুগে শুধু দেশের ক্রান্তিকালেই নয়, ঢাকাবাসীর এই প্রাণকেন্দ্র এখন আলো ছড়াবে সারা বছরই।