হাত বাড়ালেই মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলায় চলছে মাদকের জমজমাট ব্যবসা। চোলাইমদ আর গাঁজার পাশাপাশি পাওয়া যাচ্ছে ইয়াবা, হেরোইন আর ফেনসিডিল। তরুণদের মাদকসেবনের প্রবণতা বাড়ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পথে পা বাড়চ্ছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার আওতাধীন নয়টি ইউনিয়নেই মাদক বিক্রি হয়। তবে বটতলী মোটর স্টেশন ও আলুরঘাট সড়ক, স্কুল সড়কে হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। মফস্বল এলাকার মধ্যে মাস্টারহাট, দর্জিপাড়া, রশিদারপাড়া, আধুনগর বাজার, চুনতি বিট, পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট, সিকদার দিঘির পাড়, মৌলভীপাড়া, আলী সিকদারপাড়া, ডেইল্যাপাড়ায় গোপনে মাদক বিক্রি হয়। পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া সদরের ফোরকান, মাছুম, দিদার, মান্নান, নুর আলম, নাছির, নুরুন্নবী, আবদুস ছালাম, মিজান, সেলিম, নুরুল কবির, আবদুল মোনাফ ইয়াবা, হেরোইন, ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত। পুলিশের তালিকায় তাঁদের নাম রয়েছে। পদুয়া ইউনিয়নে মাহফুজ, উজ্জ্বল, মোস্তাক, মাহমুদুল হক, হারুন, শহিদুল ইসলাম, জমির, ফেরদৌস, আবদুল গফুর, লিটন ড্রাইভার, ইসলাম, ইসমাইল, জব্বার মাদকের ব্যবসা করেন বলে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন।জানা যায়, লোহাগাড়ায় ফেনসিডিল আসে কুমিল্লা থেকে। ইয়াবা, হেরোইন আসে মিয়ানমার থেকে এবং চোলাই মদ ও গাঁজা আসে পার্বত্য চট্টগ্রাম থেকে। প্রতিটি ইয়াবা ২৫০ টাকা, ফেনসিডিল প্রতি বোতল ৭০০ টাকা, প্রতি পুরিয়া হেরোইন ৫০ টাকা, প্রতি লিটার চোলাই মদ ২০০ টাকা, গাঁজা ৫০ গ্রাম ৫০০ টাকায় বিক্রি হয়। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ‘লোহাগাড়ায় মাদক এখন বড় সমস্যা। সরকারি দলের কিছু নেতার ছত্রছায়ায় মাদক ব্যবসা চলছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগসাজশ রয়েছে।’ অনেকে অভিযোগ করেন, লোহাগাড়ায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ হলো মাদক বিক্রেতাদের কাছ থেকে মাসোয়ারা আদায় করা।’ এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, ‘গত দুই মাসে বেশ কয়েকজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে। কিন্তু তারা জামিনে বের হয়ে পুনরায় মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে।’ নতুন মাদক বিক্রেতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন, লোহাগাড়ায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নেই বললেই চলে। এ ব্যাপারে লোহাগাড়ার দায়িত্বপ্রাপ্ত পটিয়া মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিদর্শক আবুল হোসাইন জানান, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। অচিরেই আমরা লোহাগাড়ার মাদক বিক্রেতাদের গ্রেপ্তারে অভিযান চালাব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ জানান, ‘ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান করেছি। পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’