হাত বাড়ালেই মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, চোলাই মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এলাকার বহু তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য অনেকে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।অনুসন্ধানে জানা যায়, লোহাগাড়া উপজেলার আওতাধীন নয়টি ইউনিয়নে কম-বেশি মাদকদ্রব্য বিক্রি হয়। তবে বটতলী মোটর স্টেশন, আলুরঘাট রোড, স্কুল রোড, মাস্টারহাট, দর্জিপাড়া, রশিদারপাড়া, আধুনগর বাজার, চুনতি বিট, পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট, সিকদার দিঘীর পাড়, মৌলভীপাড়া, আলী সিকদারপাড়া, ডেইল্যাপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি হয়।বিভিন্ন সময়ে পুলিশের অভিযান সত্ত্বেও মাদক বিক্রি হচ্ছে প্রায় প্রকাশ্যেই। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল ও এক হাজার লিটার চোলাই মদ আটক করেছে পুলিশ। মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। এঁরা হলেন: আব্দুল আলম, মনোয়ারা বেগম, পারভিন আক্তার, কামাল উদ্দীন, জামাল উদ্দীন, সালমা আক্তার, আছিয়া আক্তার, মো. মনসুর ও ফয়েজ আহম্মদ। এদের বিরুদ্ধে থানায় চারটি মামলাও হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, লোহাগাড়ায় ফেনসিডিল আসে কুমিল্লা থেকে। ইয়াবা ও হেরোইন আসে মিয়ানমার থেকে এবং চোলাই মদ ও গাজা আসে পার্বত্য চট্টগ্রাম থেকে।স্থানীয় অনেক অভিভাবক জানান, মাদকে আসক্ত হওয়ার কারণে সন্তানকে নিয়ে পরিবারে নানা সমস্যা দেখা দিচ্ছে। অনেকে সন্তানকে ঢাকা, চট্টগ্রাম বা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এলাকার মাদকসেবীরা অনেক সময় মাদকের টাকা জোগাড় করতে না পেরে ছিনতাই, চুরিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে।এ ব্যাপারে পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উদাসীন। মাদক বিক্রেতারা সরকারি দলের একটি অংশকে হাতে রেখে মাদক ব্যবসা চালায়। পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া এভাবে মাদক বিক্রি চলতে পারে না।’ এ ব্যাপারে পটিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক কবির হোসেন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যখন খবর পাই আমরা তখনই লোহাগাড়ায় অভিযান চালাই।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান করেছি। পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।’