হাত বাড়ালেই সিসিমপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভির পর্দা ছাড়িয়ে সিসিমপুর এখন হাতের নাগালে। হাত বাড়ালেই ধরা যাচ্ছে সিসিমপুরের জনপ্রিয় তারকাদের। একবারে সত্যি ঘটনা, কোনো স্বপ্ন নয়। হালুম, টুকটুকি, শিকু ও ইকরির সঙ্গে সরাসরি কথা বলা, ছবি তোলা—সবই সম্ভব এখানে। শিশুদের জনপ্রিয় টিভি ধারাবাহিক সিসিমপুরের পুরো দলটিই চট্টগ্রাম আসে গত ৩০ জানুয়ারি। তারা টানা তিন দিন থেকেছে, অভিনয় করেছে। আর সবার মন জয় করেছে। উপলক্ষ ছিল আমেরিকান সপ্তাহ। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম কমপ্লেক্সে বসে সিসিমপুরের বুথ। জিমনেসিয়াম মিলনায়তনের কাছাকাছি দূরত্বে। কারণ, প্রতিদিনই দুই বেলা করে সিসিমপুরের লাইভ শো ছিল মিলনায়তনে। বুথের সামনে বিশাল একটি লুডুর ছক। আর তাতে বড় বড় হরফে এক, দুই, তিন ইত্যাদি সংখ্যা লেখা। এর কোনো কোনোটিতে টুথপেস্ট, ব্রাশ, চিরুনির ছবি আঁকা। লুডুর ঘুঁটিটি ছুড়ে মারার পর সেটি যেখানে গিয়ে পড়বে, সেটিই পুরস্কার হিসেবে পাবে শিশুরা। শিশুরাও এতে খুব মজা করে অংশ নিয়েছে। বাবার হাত ধরে আসা নার্সারির শিক্ষার্থী মৌ বলল, ‘খুব ভালো লাগছে।’ সিসিমপুর বাংলাদেশ টেলিভিশনে প্রতি শুক্র ও বুধবার এবং দেশ টিভিতে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দেখানো হয়। ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) সহযোগিতায় সিসিমপুর কার্যক্রম পরিচালনা করছে বংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সিসেমি ওয়ার্কশপ। নয়নতারা কমিউনিকেশন্স বাংলাদেশে সিসিমপুরের বাস্তবায়ন-সহযোগী হিসেবে কাজ করে আসছে। কথা হয় নয়নতারা কমিউনিকেশন্সের পরিচালক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সারা যাকেরের সঙ্গে। তিনি বললেন, ‘প্রতিটি আমেরিকান সপ্তাহে সিসিমপুরকে খুব ভালোভাবে তুলে ধরা হয়। সবাই এ অনুষ্ঠানটাকে ভালোভাবে চেনে, বেশ জনপ্রিয়। সে জন্য ইউএসএআইডিও একে সেভাবে পরিবেশন করে।’এম এ আজিজ স্টেডিয়াম কমপ্লেক্সের খোলা মাঠজুড়ে ঘুরে বেড়ায় জনপ্রিয় এই ধারাবাহিকের প্রিয় চরিত্র হালুম, টুকটুকিরা। আর তাদের কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করেনি শিশুরাও। হাত মিলিয়েছে, একসঙ্গে ছবিও তুলেছে। বুথের চারপাশে পায়চারী করছিলেন সিসিমপুরের আরেক মজার চরিত্র ‘গুণীময়রা’ থিয়েটারকর্মী সৈয়দ দুলাল। তিনি জানালেন, ‘আমি তিন দিন ধরেই এখানে আছি। বাচ্চারাও এসে আমাকে ঘিরে ধরছে, ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে।’ সিসিমপুরে তাঁর চরিত্র সম্পর্কে বললেন, ‘গুণীময়রা একজন দোকানদার। যখন যার যা কিছু প্রয়োজন হয়, তারা তাঁর কাছে ছুটে আসেন। তিনি সবার প্রয়োজন মেটান। মোট কথা, গুণীময়রা একজন সহযোগী মানুষ।’আমেরিকান সপ্তাহের দ্বিতীয় দিন ৩১ জানুয়ারি দুপুরে সিসিমপুর লাইভ শোতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। রাষ্ট্রদূত সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু ও ইকরির কাছে জানতে চায়, তারা কোথায় এসেছে, কেন এসেছে ইত্যাদি। জবাবে তারা বলল, তারা চট্টগ্রামের পাহাড়, নদী ও বনের কাছে এসেছে। এগুলোকে সুরক্ষার আবেদন জানাতে। এভাবে তারা রাষ্ট্রদূতের নামের আদ্যক্ষর ‘ম’ দিয়ে অনেক অনেক মজার তথ্য তুলে ধরে সবার সামনে।