হাত বাড়িয়ে দাও
দুষ্টু-মিষ্টি শিশুগুলোর কেউ ফুটবল নিয়ে মেতেছে, কেউ বা কাদায় লুটোপুটি খাচ্ছে। শুধু একজন চুপচাপ একপাশে দাঁড়িয়ে। কেন? বিষয়টি চোখ এড়াল না কয়েকজনের। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, শিশুটির একটা মাত্র পোশাক। এই পোশাক পরে যদি সে এখন খেলা করে, তাহলে তো সেটা ময়লা হয়ে যাবে। তখন সে পরবে কী? তাই সবাই খেললেও চুপচাপ এক কোণে দাঁড়িয়ে খেলা দেখেই সে সুখ পেতে চায়। সারা দিন এভাবে বিষণ্নতায় কাটানোর পর বিকেলে যখন তার হাতে তুলে দেওয়া হলো একপ্রস্থ নতুন কাপড়, তখন তার আনন্দ মাত্রাহীন। ঠোঁটের কোণে যেন রাজ্য প্রাপ্তির হাসি। আর এসব অনাথ শিশুর মুখে একঝিলিক হাসি ফোটানোর জন্যই এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ছুটে বেড়ান একদল তরুণ। বিশ্ববিদ্যালয়ে পড়েন তাঁরা। তাঁরা কখনো ছুটে যান কুমিল্লার অনাথ আশ্রমে, আবার কখনো ছোটেন রংপুরের শীতার্ত এলাকায়। ছোট থেকে বড়—সবার কষ্টই তাঁদের নাড়া দিয়ে যায় সমানভাবে।দলটির নাম ‘লিডার্স ফর নেশন’। পথচলা মাত্র দুই বছরের। তানভীর রহমানের হাত ধরে গুটি গুটি পায়ে এগোতে এগোতে এখন এই দলের সদস্যসংখ্যা ২০। তানভীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘লিডার্স ফর নেশন দিয়ে আমরা সব সময় ভালো কোনো কাজ করতে চেয়েছি।’এআইইউবির শিক্ষার্থীরা ছাড়া লিডার্স ফর নেশনে অন্যরাও কাজ করেন। যে কেউ চাইলে লিডার্স ফর নেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মা-বাবাহীন শিশুদের জন্য কাজ তো চলছেই। তবে তাঁদের পরবর্তী লক্ষ্য সন্তানহীন মা-বাবাদের মুখে একটুু হাসি ফোটানো। সেই লক্ষ্যেই লিডার্স ফর নেশনের লিডাররা যাচ্ছেন বিভিন্ন বৃদ্ধাশ্রমে। এই দলের সদস্য আমান বলেন, ‘আমরা যতটুকু পারছি কাজ করছি। তবে আমাদের দেশে সচ্ছল মানুষের সংখ্যা কম নয়। তাঁরা যদি মাত্র একটি করে শিশুকে সহায়তা করেন, তাহলে অনেক শিশু সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। সচ্ছল মানুষদের আহ্বান জানাই, তাঁরা যেন এই শিশুদের পাশে দাঁড়ান।’