হাত বাড়িয়ে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রচণ্ড শীত। ঠান্ডা বাতাসে গায়ে হুল ফুটছে। মনে হলো, তাপমাত্রা আর তিন-চার ডিগ্রি নিচে নামলেই বুঝি তুষারপাত শুরু হবে। হাতমোজা, কানটুপি ও গরম জামা-কাপড়ের বিশাল আয়োজনে আমরা নিজেদের চিনতে যখন হিমশিম খাচ্ছিলাম, তখন গাড়ির জানালা দিয়ে দেখতে পেলাম, পথের মানুষগুলো পাতলা একটা কাপড় গায়ে দিয়ে ফুটপাতের ঠান্ডা মেঝেতে শুয়ে আছে। ছোট্ট একটা কাঁথাকে একজন বাবা তাঁর দুই সন্তানসহ ভাগাভাগি করে গায়ে দিয়ে শুয়ে আছেন, এমনটি দেখতে পেলাম সল্ট গোলায়।’ ভয়াবহ শীতের অনুভূতি জানালেন আইইউবি চট্টগ্রামের শিক্ষক সৌমিত্র পালিত।ওই দিন শৈত্যপ্রবাহের প্রবল তাড়নায় ভরদুপুরকেও নাকি ভোর ভেবে ভিরমি খেতে হয়েছে তাঁদের।রাস্তায় যাদের নিবাস, তারা কী করে এসব শীতল মৃত্যুর মতো ভয়াবহ রাত পাড়ি দেয়! সেই অনুভূতির সঙ্গে একাত্ম হতেই আইইউবি চট্টগ্রামের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গত ২৪ ডিসেম্বর ২০১১-এর রাতে ওই শীতপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিছু উষ্ণতা নিয়ে। ঘড়িতে তখন রাত ১২টা। শহরের অলিগলি পেরিয়ে চট্টগ্রাম আইইউবি দলের গাড়ি গিয়ে পৌঁছায় কাঠগড়ে। সেখানে দেখা মিলল একদল মানুষের, যারা এই হিম মধ্যরাতে কাগজ দিয়ে আগুন ধরিয়েছে—একটু উষ্ণতা মিলবে এই আশায়। তাদের মধ্যে পাওয়া গেল রফিককে। বাড়ি দিনাজপুরে। তিনি জানান, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে বাড়িতে থাকে। গরম কোনো কাপড় নেই, শীতের ভয়ে ঘর থেকে বের হন না। তাই শিশুদের স্কুলে যাওয়া বন্ধ।সল্ট গোলায় গিয়ে দেখা গেল, এক শীতার্ত বৃদ্ধ জবুথবু হয়ে বসে আছেন। তাঁকে একটা কম্বল দেওয়া হলো। তিনি অনুভূতি-শূন্য দৃষ্টি মেলে চেয়ে থাকলেন কিছুক্ষণ, যেন বহু বছর ধরে আরাধ্য কিছুর দেখা না পেয়ে ভুলে গেছেন কিছু পাওয়ার আনন্দ। দেখা মিলল এক ছোট্ট শিশুর, সে শুয়ে আছে মা-বাবার সঙ্গে একটা পাতলা জীর্ণ চাদরের আড়ালে।ফিরতি পথে লালখান বাজারের মোড়েই দেখা গেল, প্লাস্টিকের ব্যাগ মুড়িয়ে একজন শুয়ে আছে শীত নিবারণের ব্যর্থ প্রয়াসে। গায়ের ওপর কম্বলটা মেলে দিতেই ব্যাগ থেকে বেরিয়ে এল এক কিশোরী। চোখে তার স্বস্তির চাহনি।এমবিএর শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘খুব মজা পেয়েছি একটা ১০/১১ বছরের ছেলের কাণ্ড দেখে। গায়ে কম্বল জড়িয়ে দিতেই ঘুম থেকে উঠে সে লম্বা এক স্যালুট দিল।’রাত দুইটা, কুয়াশারা টুপটাপ করে ঝরে পড়ছে। ষোলশহর স্টেশন। সারি সারি ঘুমন্ত মানুষ। কাঠের স্ট্রেচার মাথার কাছে রেখে ঘুমিয়ে ছিল এক ভিক্ষুক। একটা শার্টের আবদার জানাল সে।এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে আছে যত্রতত্র উচ্ছিষ্টের মতো অভাবিত জীবন। কম্বল দ্রুত শেষ হয়ে যায়, শেষ হয় না শীতার্ত মানুষের সংখ্যা। অধ্যাপক আইয়ুব ইসলাম বলেন, ‘লক্ষ্য ছিল যারা শহর থেকে দূরে, যারা সাহায্য পায় কম, আমাদের দল তাদের কাছেই পৌঁছাবে।’বিবিএর শিক্ষার্থী মনন বলেন, ‘মুরাদপুরে এক লোককে যখন কম্বল দিলাম, সে শুদ্ধভাবে জোরে বলে উঠল, থ্যাঙ্ক ইউ!’ আরেক শিক্ষক ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ বলেন, ‘আমরা শীতের কাপড় জোগাড় করেছি ছাত্রছাত্রীদের বাসা থেকে। অনেকে টাকা দিয়েও সাহায্য করেছে।’ ‘ওদিকে বিশ্ববিদ্যালয় তখন বন্ধ থাকায় সবকিছুর আয়োজন করাটা খুব শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তার পরও যা টাকা উঠেছে, তা দিয়ে হকার্স মার্কেট থেকে কিছু গরম কাপড় কেনা হয়েছে। আগে আমরা বস্ত্র সংগ্রহ করে কোনো একটা সংগঠনকে দান করতাম। কিন্তু এবারই আমরা নিজ উদ্যোগে শীতার্ত মানুষের কাছে যাওয়ার পরিকল্পনা করি।’ স্যারের কথার সঙ্গে যোগ করেন বিবিএর আরেক ছাত্র সনেট। সনেটের বন্ধু মনির বলেন, ‘যেখানে দিনের বেলাতেই গরম কাপড় না পরে থাকাটা কষ্টকর, সেখানে রাতের বেলায় এসব মানুষের অবস্থা কেমন ভয়াবহ হয়, তা সহজেই আঁচ করা যায়।’ তবে তানভিরের অনুভূতিটা একটু অন্য রকম। তিনি বলেন, ‘এত শীতেও সেই রাতে কিন্তু আমাদের খুব শীত লাগেনি। কারণ, আমরা খুব রোমাঞ্চিত হচ্ছিলাম একটা ভালো কাজ করার সঙ্গী হতে পেরে। জানুয়ারিতেও আবার শীত বেশি পড়ার সম্ভাবনা আছে। আমরা এ রকম আরও একটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।’