হাত ভরে আছে ফুলে

ফাঁকা আকাশ দেখে কেমন যেন কান্না পায় অরিনের। স্কুল থেকে ফিরেই সে একছুটে উঠে এসেছে ছাদে, আকাশজোড়া রং-বেরঙের ঘুড়ি দেখবে বলে। আজ ছেলেগুলো কেন ওড়াল না ঘুড়ি? ওরা আসলেই খারাপ—তার আম্মু যেমন বলে, মনে হয় অরিনের। এত দিন আম্মুর কথা খুব একটা পাত্তা দিত না সে। নাহয় ছেলেগুলো ওপাশের বস্তিতে থাকে। নাহয় তাকে কখনো রাস্তায় একা দেখলেই গান ধরে, ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল/ এমন মাথা বেন্ধে দেব লাল গ্যান্দা ফুল।’ তাই বলেই কি খারাপ হতে হবে?
কিন্তু এখন অরিনের মনে হয় ছেলেগুলো আসলেই খারাপ। নাহলে কেন ওরা আজ ওড়াল না ঘুড়ি! উড়ন্ত ঘুড়িগুলোকে ঠিক তাদের ছাদে ফুটে থাকা ফুলের মতোই মনে হয় অরিনের। ছাদের ফুলগাছগুলোর মধ্য দিয়ে মন খারাপ করে হাঁটতে হাঁটতে ভাবে অরিন। ওই যে বিশাল একটা ঘুড়ি আছে না! খুব রাগী এক মাস্টারমশাই যেন! ওড়ার সারাটাক্ষণ গোঁ গোঁ শব্দে শাসন করে চলে পাশের ছোট ঘুড়িগুলোকে! ওই ঘুড়িটার মতো হাওয়ায় ভেসে চিত্কার করে যদি সে বলতে পারত তার মনে জমে থাকা সব কথা! ভাবতে গিয়ে মনটা আরও খারাপ হয় অরিনের।
বিশাল ছাদের একপাশে দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন। কাছে ছুটে গেলে দাদু হাসেন তাকে দেখে, ইশারায় দেখান ওপাশের মাঠটা। একটু ভালো করে লক্ষ করার পর অরিন বুঝতে পারে, ছেলেগুলো আজ ওখানে শহীদ মিনার বানাতে ব্যস্ত, তাই ঘুড়ি ওড়ায়নি আজ। ওরা প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি এলে ওখানে একটা শহীদ মিনার বানায়। কথাটা কীভাবে ভুলে গেল সে! নিজেকে গাধা মনে হয় অরিনের। কালই তো একুশে ফেব্রুয়ারি।
উফ! আজ রাতে আবার আমার বাগানটা ফাঁকা করে দেবে ওই বদ ছেলেগুলো!
আম্মুর রাগ দেখে খিল খিল করে হাসে অরিন। দাদু বলেন, ছোট থাকতে অরিনের বাবাও অমন শহীদ মিনার বানাত পাড়ার ছেলেদের সঙ্গে মিলে। তারপর মহল্লার সব বাগান সাফ করে ফুল এনে জমা করত শহীদ বেদিতে। আর বাগানের মালিকেরা ছেলের নামে নালিশ নিয়ে আসত তাঁর কাছে। বলতে বলতে দাদু কেমন যেন স্মৃতিকাতর হয়ে পড়েন। আম্মু কান দেয় না সেদিকে। আজ রাতে কোনোভাবেই ছেলেগুলোকে ফুল নিতে দেবে না—এমন প্রতিজ্ঞা করে অরিনকে প্রায় জোর করেই নিচে নিয়ে যান তিনি।
রাতে তাদের ছাদ ভরে যায় ব্যর্থতার পদশব্দে। আর এটা শুনতে শুনতেই তৃপ্তির হাসি মুখে নিয়ে ঘুমের কোলে ঢলে পড়ে অরিন।
ভোরে এই হাসি সঙ্গী করেই অরিন দাদুর সঙ্গে হাজির হয় শহীদ মিনারের কাছে। সেখানে তখন ছেলেগুলো সুরে-বেসুরে গাইছে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি?’ তাদের এভাবে আসতে দেখে হাঁ হয়ে যায় ওরা, থেমে যায় কোরাস। তার আর দাদুর—দুজনের হাত ভরে আছে কাল রাতে ওই ছেলেগুলো তাদের ছাদে অভিযান চালানোর আগেই তুলে ফেলা সব ফুলে। ফুলগুলো তারা দেয় শহীদ বেদিতে। এতক্ষণ খালি পড়ে থাকা বেদি এভাবে পূর্ণ হতে দেখে হাসি যেন আর ধরে না ছেলেগুলোর মুখে। অরিনকে গানে কণ্ঠ মেলাতে ডাকে তারা। অরিন ইশারায় জানিয়ে দেয়, পারবে না সে গান গাইতে। কারণ শুধু গান কেন কোনো কথাই তো সে বলতে জানে না।