হাতপাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মৃত্যুর পর বিশেষ কোনো কারণে তালপাখাটির প্রতি মায়ের মায়া প্রচণ্ড বেড়ে যায়। সম্ভবত পাখার সঙ্গে জড়িয়ে থাকা বাবার স্মৃতি খুঁজতেন। পাখার ওপর বাবার হাতে লেখা তাঁর নাম স্পর্শ করে মা অঝোরে কাঁদতেন। আড়াল থেকে তা দেখে আমিও কষ্ট পেতাম। কাছে গেলেই শাড়ির আঁচলে চোখ মুছে মা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেন।

স্কুলে ভর্তি হওয়ার পর পড়ালেখার সুবিধার্থে আমাকে নিয়ে মা নানাবাড়িতে চলে আসেন। সংগত কারণেই অধিকাংশ সময় মায়ের মন বিষণ্ন থাকত। প্রায়ই বিভিন্ন বিষয়ে দুষ্টুমির জন্য আমাকে বকা দিতেন। খানিক বাদে ঠিকই কাছে ডেকে বুকে জড়িয়ে ধরতেন। একবার তেমনি এক কারণে মা আমাকে অনেক বকাঝকা করেন। আমার মন খারাপ হয়। তবু মায়ের শাসন-পরবর্তী আদরের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু তিনি আমাকে আর ডাকেন না। মায়ের ওপর রাগ বাড়তে থাকে। সিদ্ধান্ত নিই একটা শিক্ষা দেওয়ার।

আমার হাতে ধরা বাবার দেওয়া তালপাখা আগুনে পুড়ছে। তা দেখে মা পাগলপ্রায় হয়ে ছুটে আসেন। ততক্ষণে পাখাটির অর্ধেকেরও বেশি পুড়িয়ে ফেলেছি। পানি ঢেলে আগুন নেভানো হয়। মা সেটি বুকে চেপে ধরে কাঁদতে থাকেন। সামান্য একটা পাখার জন্য মায়ের বিলাপের কারণ সেদিন বুঝিনি। আজ যখন ঘটনাটি মনে পড়ে, খুব অনুশোচনা হয়। চারপাশে কত হাতপাখা দেখি, অথচ তার একটিতেও বাবার হাতে লেখা আমার মায়ের নাম নেই!