হাতপাখা বানিয়ে ৫০ লাখ!
গ্রীষ্মের খরতাপ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। পাশাপাশি দেশের নানা অঞ্চলে চলছে বৈশাখী মেলা। এসব কারণে কদর বেড়েছে চন্দনাইশের নগরপাড়া ও জোয়ারা গ্রামের বাহারি হাতপাখার। এই দুই গ্রামের মানুষজন এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঘরে ঘরে চলছে হাতপাখা তৈরির কাজ। হাতপাখা বানিয়ে সচ্ছলতার মুখ দেখেছেন দুই গ্রামের দেড় হাজার পরিবারের মানুষ।জানা গেছে, একসময় এখানকার বাসিন্দারা তাঁতে কাপড় বুনতেন। সে কাপড়ের চাহিদা ছিল সারা দেশে। কলকারখানায় উৎপাদিত কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে একসময় বন্ধ হয়ে যায় সব তাঁত। অভাব-অনটনের হাত থেকে বাঁচার জন্য বিকল্প পেশা বেছে নেন তাঁতিরা। হাতপাখা তৈরি করে এখন বেশ ভালোভাবেই কাটছে তাঁদের দিনকাল।সম্প্রতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জোয়ারা গ্রামে গিয়ে দেখা যায় ঘরে ঘরে হাতপাখা তৈরি করছেন কারিগররা। পাটিপাতা, তালপাতা, বাঁশ-বেত ও কাপড় দিয়ে পাখা তৈরি হয় এখানে। নারী, পুরুষ, শিশু সবাই হাত লাগিয়েছেন কাজে। কেউ সেলাইযন্ত্রে তৈরি করছিলেন পাখার ঝালর, কেউ বেত কেটে তৈরি করছিলেন হাতল আর কেউবা পাখা বুনছিলেন।গ্রামের বাসিন্দারা জানান, চন্দনাইশের কাপড়, তালপাতা ও বাঁশ-বেতের হাতপাখা দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন এলাকার বৈশাখী মেলা ও চট্টগ্রামের লালদীঘির ময়দানে জব্বারের বলীখেলার মেলায় এখানকার হাতপাখা বিক্রি হচ্ছে। এসব মেলায় প্রায় অর্ধকোটি টাকার হাতপাখা সরবরাহ করেছেন তাঁরা। গ্রামের একটি বাড়িতে হাতপাখা তৈরি করছিলেন হোসনে আরা আকতার (১৬), নিলু আকতার (১৮), রেশমী (১২) ও সাবেরা খাতুন (২৫)। তাঁরা জানান, গ্রামের সবাই এখন হাতপাখা তৈরিতে ভীষণ ব্যস্ত। লেখাপড়ার ফাঁকে শিক্ষার্থীরাও এ কাজে অংশ নিচ্ছে। কেউ বসে নেই।কারিগর লাতু মিয়া জানান, এবার তাঁরা বেশ ভালো বিক্রয় আদেশ পেয়েছেন। বৈশাখী মেলা ও বলীখেলায় এ গ্রাম থেকে ৫০ হাজারের মতো হাতপাখা সরবরাহ করা হচ্ছে। এ জন্য শ্রমিকেরা দিনরাত কাজ করছেন। একটি হাতপাখা ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি করছেন বলে তিনি জানান। জোয়ারা গ্রামের পাখার কারিগর মালেকা বেগম, ইসলাম খাতুন, জাকের হোসেন জানান, হাতপাখা তৈরির প্রধান উপকরণ হলো তালপাতা, বাঁশ, বেত, কাপড় ও রং। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল থেকে বাঁশ-বেত সংগ্রহ করা গেলেও তালপাতা সংগ্রহ করতে হয় নোয়াখালী ও কুমিল্লার প্রত্যন্ত এলাকা থেকে। বাঁশ, বেতসহ পাখা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। তবে এর পরও সারা দেশে হাতপাখার চাহিদা বেড়েছে। নগরপাড়া গিয়েও একই চিত্র দেখা গেছে। এখানকার পাখাশিল্পীরা জানান, কারও সহায়তা ছাড়াই হাতপাখা তৈরি করে বাজারে বিক্রি করছেন তাঁরা। সরকারি-বেসরকারি ঋণ সহায়তা ও প্রশিক্ষণ পেলে এই কুটিরশিল্পের প্রসার ঘটবে বলে তাঁরা মনে করেন।