হাতপাখার সুবাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় তাঁতের কাজ ও হাটবাজারে তরকারি বিক্রি করে সংসার চালাতাম। পাঁচ বছর আগে শুরু করি হাতপাখা তৈরি ও বিক্রির কাজ। দু-তিন বছরের মধ্যে দুই লাখ টাকা সঞ্চয় হয়। এরই মধ্যে পাখার ব্যবসা ভালো হচ্ছে দেখে নিজের সঞ্চয়ের সঙ্গে সাড়ে ছয় লাখ টাকা ব্যাংকঋণ নিয়ে একটি পিকআপ ভ্যান কিনে ভাড়ায় খাটাচ্ছি। এ ভ্যানে করে পাইকারি ক্রেতাদের কাছে পৌঁছে দিই এখানকার পাখা। সব মিলিয়ে পাখার ব্যবসা আমার পরিবারে সচ্ছলতা এনে দিয়েছে।’ বলছিলেন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের হাতপাখা ব্যবসায়ী ইদ্রিচ মিয়া।ইদ্রিচের মতোই হাতপাখা সচ্ছলতা এনে দিয়েছে চন্দনাইশ উপজেলার তিন গ্রামের এক হাজার ৫০০ পরিবারে। প্রতিটি পরিবার এ মৌসুমে হাতপাখা তৈরি ও বিক্রি করে ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করে। খোঁজ নিয়ে জানা যায়, নগরপাড়াসহ উপজেলার বৈলতলি ইউনিয়নের জাফরাবাদ ও পৌরসভার জোয়ারা এলাকায় প্রায় দেড় হাজার পরিবারে হাতপাখা তৈরি হয়। প্রতিবছর বিভিন্ন ওরস ও বৈশাখী মেলায় সরবরাহ করা হয় এসব পাখা। সবচেয়ে বেশি সরবরাহ করা হয় মাইজভান্ডার ওরস, লালদীঘির মাঠে জব্বারের বলীখেলার মেলা ও সাতকানিয়ার মক্কারো বলীখেলায়। এসব ওরস ও মেলায় আসা লোকজন বছরের চাহিদা অনুযায়ী পাখা কিনে নেন। এ ছাড়া বিভিন্ন হাটবাজার ও যানবাহনেও প্রচুর হাতপাখা বিক্রি হয়। আর এসব পাখা বিক্রির মোক্ষম সময় হচ্ছে বাংলা ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাস পর্যন্ত। তবে পাখা তৈরি শুরু হয় শীতের মাঝামাঝি সময় থেকেই। স্থানীয় লোকজন জানান, একসময় নগরপাড়া ছিল তাঁতশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু স্বাধীনতার সাত-আট বছর পর তাঁতশিল্প বিলুপ্ত হয়ে গেলে তাঁতি পরিবারগুলোতে নেমে আসে দুর্দশা। বাঁচার তাগিদে এলাকার লোকজন ছোটখাটো অন্য পেশার পাশাপাশি হাতপাখা তৈরিতে মনোযোগী হয়। ধীরে ধীরে তা বিস্তৃত হয়। বর্তমানে নগরপাড়ার প্রায় এক হাজার পরিবারের ভরণপোষণ এখন হাতপাখা বিক্রির টাকার ওপর নির্ভরশীল। পাখা ব্যবসায়ী ইদ্রিচ মিয়া জানান, অন্যান্য বছরের মতো বিভিন্ন বৈশাখী মেলায় সরবরাহ করার জন্য পাইকারদের কাছ থেকে প্রচুর অনুরোধ এসেছে। প্রতিটি পরিবারে এক থেকে তিন হাজারের মতো পাখা তৈরি হয়। একেকটি পাখা মানভেদে ২৫ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সব মিলিয়ে এ মৌসুমে প্রতি পরিবারের ৭০ থেকে ৭৫ হাজার টাকা আয় হবে। নগরপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরের বারান্দা কিংবা উঠানে বিভিন্ন বয়সের নারীরা ব্যস্ত পাখা তৈরির কাজে। কেউ কাপড়ের ওপর বিভিন্ন রঙের সুতা দিয়ে নকশা তৈরি করছেন, কেউ পাখার চারদিকে ঝালর লাগাচ্ছেন, আর কেউ করছেন তালপাতার বুনন। ইদ্রিচ মিয়ার বাড়িতে পাখার কাজে নিয়োজিত রোজি আকতার (১৫), রুবি আকতার (১৮), রেশমী আকতার (২২) ও রোকেয়া বেগম (২৫) জানান, তাঁরা সবাই অন্য কাজের ফাঁকে পরিবারকে সাহায্য করেন পাখা তৈরির কাজে। একইভাবে হাতপাখার টাকায় সচ্ছলতা এসেছে পৌর এলাকার জোয়ারা ও বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামের প্রায় ৫০০ পরিবারে।জোয়ারা গ্রামের পাখাশিল্পী ইসলাম খাতুন জানান, হাতপাখা তৈরির প্রধান উপকরণ তালপাতা, বাঁশ, বেত ও রং। চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর বনাঞ্চল থেকে বাঁশ, বেত সংগ্রহ করা গেলেও তালপাতা সংগ্রহ করতে হয় নোয়াখালী ও কুমিল্লার প্রত্যন্ত এলাকা থেকে। তালপাতা ছাড়াও নানা রঙের কাপড়, বেত ও বাঁশের উপকরণ দিয়ে হাতপাখা তৈরি হয়। তাঁরা মনে করেন, সরকারি-বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা এবং উপযুক্ত প্রশিক্ষণ পেলে এটি লাভজনক শিল্পে পরিণত হতে পারে।