হাতপাখায় জীবনের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পশ্চিম থানাপাড়ার ঈশ্বর চন্দ্র চাকমার হাতপাখা এখন পাহাড় পেরিয়ে উত্তরবঙ্গেও ছড়িয়ে দিচ্ছে হাওয়া। স্বল্পপুঁজিতে গড়া তাঁর কুটিরশিল্পে কাজ করে ১০ থেকে ১২ জন গৃহবধূও আয়-উপার্জনের একটা পথ পেয়েছেন।ঈশ্বর চন্দ্র চাকমা তাঁর হাতপাখার খুদে কারখানায় ব্যবহার করছেন পার্বত্য চট্টগ্রামের সহজলভ্য বাঁশ ও আদিবাসীদের ঐতিহ্যবাহী বেইন (কোমর তাঁত) প্রযুক্তি। নাম দিয়েছেন সততা টেক্সটাইল। এই টেক্সটাইলে উৎপাদিত প্রধান পণ্য হাতপাখা। মহিলাদের ব্যবহারের ছোট ব্যাগ, মাফলার ইত্যাদি তৈরি হয় তাতে।সম্প্রতি দীঘিনালা উপজেলার পশ্চিম থানাপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ছোট বেড়ার ঘরে ঈশ্বর চন্দ্র চাকমা পরিবারের সদস্যদের নিয়ে হাত পাখা তৈরিতে ব্যস্ত রয়েছেন। তিনি বলেন, ‘এখন হাতপাখার মৌসুম। চাহিদা বেশি, সরবরাহ দিতে পারছি না।’ ছোট বেড়াঘরের মধ্যে এক পাশে লম্বা বেইন টাঙানো এবং অন্যপাশে সারিবদ্ধভাবে বসে কেউ মেশিনে সেলাই করছেন, কেউ কাপড়ের ফুল কাটছেন, কেউ সুই দিয়ে সেলাই করছেন। ছড়িয়ে-ছিটিয়ে আছে আগে থেকেই তৈরি করে রাখা বাঁশের কঞ্চি, হাত পাখার বাঁশের হাতল।তিনি বলেন, ‘এখন (দুপুরে) পরিবারের সদস্যরা কাজ করছেন। বিকেলে আশপাশের ১০ থেকে ১২ জন গৃহবধূ আসবেন। তাঁরা প্রত্যেকেই কিছু কিছু হাতপাখা নিয়ে নিজ বাড়িতে চলে যাবেন। বাড়ির কাজের ফাঁকে ফাঁকে হাতপাখার হাতে সেলাইয়ের কাজও করবেন। পরের দিন তা ফেরত দিয়ে আবারও নিয়ে যাবেন। এর বিনিময়ে তাঁরা কিছু টাকা পাবেন।’ এ ধরনের কুটিরশিল্প গড়ার ধারণা সম্পর্কে ঈশ্বর চন্দ্র চাকমা জানান, ১৯৮৬ সালে আদিবাসীদের ওপর দীঘিনালা এলাকায় ব্যাপক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় কয়েক হাজার আদিবাসী পরিবার শরণার্থী হয়ে ভারতে চলে যায়। প্রতিবেশী, আত্মীয়স্বজন অনেকেই ভারতে গেলেও ঈশ্বর চন্দ্র রাঙামাটিতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এর এক যুগ পর ১৯৯৮ সালে শরণার্থীরা ফিরে এলে তিনিও এলাকায় ফিরে আসেন। রাঙামাটিতে অবস্থানকালে তিনি খুবই আর্থিক অনটনে ছিলেন। গ্রামে ফিরে দেখেন ভারতে আশ্রিত শরণার্থীরা ঘরে তৈরি হাতপাখা বাজারে বিক্রি করছেন। তাতেই চোখ খুলে গেল। প্রথম কয়েক বছর সীমিতভাবে তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করতেন। পাঁচ বছর ধরে ব্যাপকভাবে উৎপাদন করে দীঘিনালা ছাড়াও খাগড়াছড়ি জেলা শহর ও রাঙামাটিতে বিক্রি শুরু করেছেন। এখন সমতল জেলা রংপুর, কুমিল্লা ও ফেনী জেলা থেকে ব্যবসায়ীরা এসে হাতপাখা নিয়ে যান। বর্তমানে তাঁর হাতপাখা উৎপাদনক্ষমতা সপ্তাহে ৬০০ থেকে ৭০০। প্রতিটি হাতপাখা তৈরিতে তাঁর উৎপাদন খরচ হয় ২০ থেকে ২২ টাকা। ঈশ্বর চন্দ্র জানান, হাতপাখা শিল্পের প্রধান সমস্যা পুঁজি। পুঁজি না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও কারখানাটি বড় করতে পারছেন না। এমন ভূ-সম্পত্তিও নেই, যা দিয়ে ব্যাংক থেকে ঋণ নেবেন। দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি অনেক গৃহবধূর আর্থিক উপার্জনের পথ সৃষ্টি করে দিয়েছেন। পুঁজির অভাবে অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। কোনো সংস্থা তাঁকে সহযোগিতা করলে আরও অনেক বেকারকে কাজে লাগাতে পারতেন।