‘নারীর হাতব্যাগে রান্নাঘর ছাড়া বাকি সবই পাওয়া সম্ভব’—কে বলেছেন কথাটা? কে বলেছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে কথাটা যে অনেকাংশেই সত্য, অন্তত মজাচ্ছলে তো বটেই, তা কিন্তু নিশ্চিত। নারীর অতি ব্যক্তিগত এই বস্তুর ভেতরের জিনিস দেখাটা যদিও নৈতিকভাবে ঠিক নয়, কিন্তু যদি আপনি কৌতূহলবশত একবার দেখেই ফেলেন, তবে এমন সব অদ্ভুত ও অপ্রত্যাশিত জিনিসপত্র তাতে পেতে পারেন, তাতে আপনি নিশ্চিতভাবেই আশ্চর্যান্বিত হবেন। কালের পরিক্রমায় হাতব্যাগ এখন ভ্যানিটি ব্যাগে রূপান্তরিত হয়ে নারীর ফ্যাশন, আভিজাত্য এমনকি সাজগোজের একচ্ছত্র অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে এর শুরুর ইতিহাস কিন্তু ঠিক উল্টা কথাই বলে।
পাঁচ হাজার বছর পূর্বে ওৎজি দ্য আইসম্যান নামের এক ভদ্রলোক প্রথম পার্স তৈরি করেন, যা পরবর্তী সময়ে হাতব্যাগে রূপান্তরিত হয়। এটি তিনি তৈরি করেছিলেন মূলত পুরুষদের জন্যই, যাতে পুরুষেরা মুদ্রা বহন করতে পারেন। এরপর ধীরে ধীরে এটি মেয়েদের ব্যক্তিগত জিনিসপত্র বহনের প্রিয় বস্তু হয়ে ওঠে। বিশেষত ফরাসি বিপ্লবের পর মেয়েদের পোশাকের ডিজাইনে পরিবর্তন এলে মেয়েরা পরিধেয় পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ হাতে বহন করতে শুরু করেন। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের দিকে এটি বিপুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং রীতিমতো আধুনিকতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে এই উত্তরাধুনিককালেও যে এটি কেবলই নারীর ফ্যাশন অনুষঙ্গ, তা কিন্তু নয়। বর্তমানে পুরুষেরাও নকশার ভিন্নতায় হাতব্যাগ ব্যবহার করেন এন্তার।
আজ ১০ অক্টোবর, হাতব্যাগ দিবস। ন্যাশনাল ডে ক্যালেন্ডারের সূত্র বলছে, ২০১২ সালে পার্স ব্লগ ডটকম নামের একটি ব্লগসাইটের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।
নারীরা তো বটেই, পুরুষেরাও দিবসটি বিশেষভাবে পালন করতে পারেন। প্রিয় মানুষকে শৈল্পিক নকশার একটি হাতব্যাগ এই দিনে উপহার দিতে পারেন। বৈচিত্র্য বিবেচনায় যতই বিচিত্র হোক ব্যাপারটি, হাতব্যাগের মতো বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সঙ্গী যে আর হয় না, এ কথা কিন্তু নির্দ্বিধায় মানতে হবে।
ডেজ অব দ্য ইয়ার এবং ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে