হাতল ছোট জায়গা বেশি
পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ তো চাই। আর চাওয়া যদি হয় ফ্যাশনেবল কিছু, তবে হাল ফ্যাশনের দিকে চোখ দেওয়ায় শ্রেয়। ফ্যাশন তো ঘুরেফিরেই আবার নবরূপে হাজির হয়। এই যেমন, একসময়ের পুরোনো ছোট হাতলের ব্যাগ আবার এসেছে। তবে তা এসেছে একটু আলাদা ঢঙে। নগরের বাজার ঘুরে দেখা যায়, বাহারি আর ফ্যাশনেবল ব্যাগের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছে ছোট হাতলের ব্যাগ, যার হাতলটা প্লাস্টিকের তৈরি। দেখতে যেমন ফ্যাশনেবল, তেমনি ব্যবহারেও বেশ সুবিধা।ঢাকার ধানমন্ডির মেট্রো শপিং মলের ব্যাগের দোকান ফাহিম কালেকশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এখন ছোট হাতলের ব্যাগ বেশ চলছে। তবে হাতল ছোট হলেও ব্যাগের ভেতরের জায়গা কিন্তু ঢের। সামনে কয়েক পরত ফুলের নকশা করা ব্যাগগুলোর নামটাও বেশ। ‘অক্টোপাস’ নামেই একে ডাকা হয়। সাদা, হালকা সবুজ, বেগুনি, কালো, ধূসর—নানা রঙের মিলবে অক্টোপাস ব্যাগ। চাঁদনী চকের ব্যাগের দোকান মাহিম ব্যাগ হাউসের মালিক মোহাম্মাদ সামাদ বলেন, ‘অনেকে অক্টোপাস বললেও আমরা ব্যাগের নাম দিয়েছি ইউরোপিয়ান ব্যাগ। ইউরোপীয়রা নাকি এই ব্যাগ বেশি ব্যবহার করে। তবে নাম ভিনদেশি হলেও এই ব্যাগ জায়গা করে নিয়েছে আমাদের ফ্যাশন-সচেতন নারীদের কাছে।’ তিনি বলেন, পশ্চিমা ধাঁচের পোশাক জিনস, শার্ট, টপ আবার স্কার্টের সঙ্গে এই ব্যাগ বেশি মানায়। তবে আকারে কিছুটা ছোট কালো ও সাদা রঙের ব্যাগের মধ্যে পাথর দিয়ে কাজ করা ব্যাগগুলো জমকালো পার্টিতে, বিশেষ করে শাড়ির সঙ্গে বেশি মানায়। সালোয়ার-কামিজ যাঁরা পরছেন, তাঁদের হতাশ হওয়ার দরকার নেই। একটু লম্বাটে কিংবা গোল ধরনের আকারে বড় এই ব্যাগ সালোয়ার-কামিজের সঙ্গে দিব্যি মানাবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফারহানা আক্তার বলেন, ছোট হাতলের এই ব্যাগ বেশ ফ্যাশনেবল। সব ধরনের পোশাকের সঙ্গে ব্যবহার করা যায়। ভেতরে জায়গা বেশি, ফলে অনেক কিছু রাখা সম্ভব। তেমনি ব্যাগগুলো বেশ মজবুত। আর হাতল ছোট হওয়ায় হাতেই রাখা যায়, কাঁধে ঝোলানোর ঝামেলা নেই।ব্যাগের রঙের ভিন্নতা, নকশা আর কোন উপাদান দিয়ে তৈরি তার ওপর নির্ভর করে ব্যাগের দাম। কেনা যাবে ৮০০ থেকে এক ৫০০ টাকার মধ্যে। নগরের বসুন্ধরা সিটি, মেট্রো শপিং মল, নিউমার্কেট আর চাঁদনী চক থেকে কিনতে পারবেন এই ব্যাগ।