চেরাগিপাহাড় মোড় থেকে বহদ্দারহাটের বাসভাড়া চার টাকা। এ পথে নিয়মিত যাওয়া-আসা করেন বিজয় সরকার। তিনি জানান, ‘ভাড়া চার টাকা হলেও চালকের সহযোগীকে পাঁচ টাকার নোট দিয়ে বাকি এক টাকা কখনো ফেরত পাইনি।’ খুচরা টাকার সংকটের কারণে শুধু এ পথে নয় সব পথের যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। বিশেষ করে এক, দুই, চার, সাত ও নয় টাকার জন্য ১০-২০ টাকার নোট দিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁগুলোতেও। তবে ভুক্তভোগীদের জন্য সুসংবাদ হচ্ছে, আগামী এক-দেড় মাসের মধ্যে বাজারে এক কোটি এক টাকার মুদ্রা ছাড়া হবে। এতে সংকট কিছুটা কমবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, খুচরা টাকা নিয়ে যাত্রী ও বাসচালকদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হয়। অনেক সময় তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। যাত্রীরা অভিযোগ করেন, খুচরা টাকার সংকট কৃত্রিম। ‘খুচরা টাকা নেই’ বলে বেশি ভাড়া আদায় করার একটি ফন্দি এটি। সব জায়গায় খুচরা টাকা পাওয়া যায়, শুধু খাবারের দোকান ও বাসে পাওয়া যায় না। তবে বাসচালকের সহযোগীরা বলেন, ভিন্ন কথা। ছয় নম্বর পথের একটি বাসের ভাড়া সংগ্রহকারী মো. হাবিব জানান, ‘সবাই শুধু পাঁচ টাকা আর ১০ টাকার নোট দেন। দু-একজনকে খুচরা টাকা ফেরত দেওয়া যায়। সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়।’ চার নম্বর পথের এক ভাড়া সংগ্রহকারী বলেন, ‘খুচরা টাকার কারণে যাত্রীদের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয়। ভালো লোক হলে টাকা বেশি দিয়ে যান, আবার কেউ কম দেন। আগে খুচরা পয়সা বাট্টা দিয়ে কিনে যাত্রীদের দিতাম। এখন কিনতেও পাওয়া যায় না।’ এদিকে খাবারের দোকানগুলোতেও আছে খুচরা টাকার সংকট। এক টাকার পরিবর্তে চকলেট অথবা কাগজের টোকেন ধরিয়ে দেন ব্যবস্থাপকেরা। বলেন, ‘পান খাইয়্যেন।’ কারও চকলেট পাওয়ার ইচ্ছে বা পান খাওয়ার অভ্যাস না থাকলে তিনি ওই টোকেন না নিয়ে ফিরে যান। এ প্রসঙ্গে নিউমার্কেটের হোটেল এবিপির স্বত্বাধিকারী মো. নাছির জানান, ‘এই মাত্র ৫০০ দুই টাকার নোট কিনেছি ১৫০ টাকা বাট্টা দিয়ে। এক টাকার নোট পাইনি কোথাও।’ বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগে দুই টাকার নোটের সংকট ছিল। এখন দুই টাকার নোট পাওয়া গেলেও এক টাকার নোট কিংবা ধাতব মুদ্রা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রাস্তার মোড়ে নতুন টাকা বিক্রেতাদের কাছেও এক টাকার নোট বা মুদ্রা পাওয়া যাচ্ছে না। নিউমার্কেট মোড়ের নতুন টাকা বিক্রেতা মো. সিরাজ জানান, ‘আমরা দুই টাকার নোটের জন্য ২০ টাকায় ১৮ টাকা, এক টাকার জন্য ২০ টাকায় ১৪ টাকা ও পাঁচ টাকার নোটের জন্য ৫০ টাকায় ৪৫ টাকা দেই। এ টাকাগুলো শহরের পানের দোকান ও গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করতে হয়। তবে এখন এক টাকার কেনা-বেচা তেমন নেই।’ খুচরা পয়সা বা টাকার সংকটের কথা স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ১৬ মে এ প্রতিবেদককে বলেন, ‘বাজারে খুচরা টাকার সংকট তৈরি হয়েছে মুদ্রার হাত বদল না হওয়ার কারণে। মানুষ বেশির ভাগ ধাতব মুদ্রা মাটির ব্যাংকে জমিয়ে রাখেন। এ ছাড়া মুদ্রা ভারী বলে অনেকে বহন করতে চান না। মানুষের ঘরে যে ভাঙতি টাকা রয়েছে সেগুলো বাজারে এলে ভাঙতি পয়সা বা টাকার সংকট কেটে যাবে।’ তিনি জানান, বাংলাদেশের মুদ্রা সহজলভ্য হওয়ায় প্রতিবেশী দেশের কেউ কেউ এই মুদ্রা সংগ্রহ করে তা দিয়ে চামচ ও অন্যান্য ধাতব দ্রব্য তৈরি করে। তাই মুদ্রার গুণগত মান কমিয়ে বাজারে মুদ্রা প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। সংকট মোকাবিলায় কী উদ্যোগ নেওয়া যায়, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, মুদ্রা দেশে তৈরি হয় না। আন্তর্জাতিকভাবে দরপত্র দিয়ে বিদেশে মুদ্রা তৈরি করা হয়। আগামী এক-দেড় মাসের মধ্যে বাজারে এক কোটি এক টাকার মুদ্রা ছাড়া হতে পারে বলে তিনি জানান।