হাতি দিয়ে টংকাবতী বনের গাছ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের প্রাকৃতিক বনের গাছ কেটে পাচার করা হচ্ছে। ১৫ থেকে ১৬টি হাতি দিয়ে প্রায় চার মাস ধরে অবাধে কাঠ পাচার করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দুর্গম পাহাড়ি বনাঞ্চল বিশেষ করে মা গাছের বন ভূমি (মাদার ট্রি ফরেস্ট) ধ্বংস হয়ে যাচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। তাঁদের আশঙ্কা, প্রাকৃতিক বন উজাড় হয়ে গেলে এলাকার খাল-ঝিরিতে পানির সমস্যা দেখা দেবে। ফলে তাঁদেরও এলাকা ছাড়া হতে হবে।টংকাবতীর আদিবাসী ও বাঙালিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর ধরে শুকনা মৌসুম এলে পাচারকারীরা রাঙ্গুনিয়া-রাউজান এলাকা থেকে হাতি ভাড়া করে আনেন। রাঙ্গুনিয়া ও রাউজানে পর্যাপ্ত বনাঞ্চল না থাকায় হাতির খাদ্য যোগানো এবং কাঠ পরিবহনের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য মালিকেরা তাঁদের হাতিগুলো টংকাবতী এলাকায় পাঠিয়ে দেন। স্থানীয় কিছু দালালের সহযোগিতায় হাতির মাহুত ও বহিরাগত পাচারকারীরা এসব হাতি দিয়ে কাঠ বহন করে সমতলের সড়কপথে নিয়ে যান। সেখান থেকে অন্য যানবাহনে করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন এলাকায়। তবে পাচারকারীরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। সম্প্রতি দুর্গম হরিণঝিরি, পউলিমুখ, ফুলতোলাসহ কয়েকটি স্থানে গিয়ে হাতি দিয়ে টানা প্রচুর গাছের স্তূপ, খাল-ঝিরি থেকে আহরণ করা পাথরের ডিপো ও তামাক খেত দেখা যায়। স্থানীয় লোকজন জানান, মাহুতেরা লোকালয় থেকে দূরে অস্থায়ী আস্তানায় হাতি রেখেছেন। দুর্গম এলাকা হওয়ায় এ প্রতিবেদকের সেখানে যাওয়া সম্ভব হয়নি। ফুলতোলা এলাকার সিংলক ম্রো জানান, হাতি নিয়ে মাহুতেরা আট থেকে ১০ কিলোমিটার দূরে গহিন জঙ্গলে অবস্থান করেন। কারও প্রয়োজন হলে লোক পাঠিয়ে ডেকে আনা হয়। ডেনঝিরিতে তামাক খেতে কাজ করতে করতে স্থানীয় সলোমন মিয়া বললেন, ‘সড়ক যোগাযোগ না থাকায় হাতি দিয়ে গাছ টানা হয়। নইলে এ পাহাড়ের বনাঞ্চল অক্ষত থাকত।’ তিনি বলেন, ‘দুই দিন আগে এলেও হাতির পালের গাছটানার দৃশ্য দেখা যেত।’ফুলতোলার খামারি নজির আহমদ বলেন, ‘সড়কের আশপাশের বনাঞ্চল বহু আগে বিরান ভূমিতে পরিণত হয়েছে। এখন চিম্বুক পাহাড়ের মাঝামাঝি ও পাদদেশের হরিণঝিরি, লেমু পালং, চাহ্লাপাড়াসহ বিভিন্ন ম্রো আদিবাসীপাড়ার কিছু দুর্গম এলাকার বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। এভাবে পাচার বন্ধ না হলে এ এলাকায় আর প্রাকৃতিক কোনো বন থাকবে না।’ জানা যায়, এলাকায় ম্রো আদিবাসীরা বহিরাগত প্রভাবশালী গাছ পাচারকারীদের ভয়ে সব সময় আতঙ্কে থাকেন। লেমুপালং মৌজার হেডম্যানপাড়ার ঘাট থেকে পাচারকারীরা হাতি দিয়ে গাছ টেনে নিয়ে যেতে দেখলেও কেউ কিছু বলার সাহস পান না। হেডম্যানপাড়ার মেনক্রেং ম্রো ও বুংতই ম্রো বলেন, ‘একটু প্রতিবাদ করলে পাচারকারীরা সন্ত্রাসী, চাঁদাবাজ সাজিয়ে মামলা দেওয়ার ভয় দেখায়। এজন্য কেউ কিছু বলতে ভয় পায়।’ তাঁরা বলেন, ‘আমরা জানি ঝিরিতে পাথর ও বনাঞ্চলে গাছ আছে বলে এ এলাকার খাল, ঝিরি, ঝরনাগুলোতে পানি রয়েছে। বন উজাড় ও পাথর তুলে নিলে খাল ও ঝিরি-ঝরনাগুলোর পানি শুকিয়ে যাবে। ফলে এলাকাটাও বসবাস অনুপযোগী হয়ে পড়বে। তখন আমাদেরও এলাকা ছাড়া হতে হবে।’ হাতির সাহায্যে গাছটানা প্রসঙ্গে টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো জানান, কয়েক দিন ধরে হাতি লেমু পালং এলাকার গভীর অরণ্যে রাখা হয়েছে। তাই এ কদিন গাছ টানতে দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে টংকাবতীকে হাতির চারণভূমি হিসেবে ব্যবহার করার কারণে দুর্গম এলাকাগুলোর বন ভূমি উজাড় হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বন বিভাগ ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।’ বন বিভাগের টংকাবতী রেঞ্জ কর্মকর্তা শাহ নোমান বলেন, ‘টংকাবতী বিশাল এলাকা। জনবল স্বল্পতা এবং দুর্গম এলাকা হওয়াসহ নানা কারণে সব এলাকা পাহারা দেওয়া কঠিন। তবে হাতি দিয়ে গাছ পাচারের কথা মৌখিকভাবে শুনলেও নিজে কখনো দেখিনি।’