হাতি দূরে রাখতে সৌর বেষ্টনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্য হাতির পাল লোকালয় থেকে দূরে রাখতে সৌর বিদ্যুতের বেষ্টনী স্থাপন করেছে বন বিভাগ। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বন্য হাতির পাল লোকালয় থেকে দূরে রাখতে সৌর বিদ্যুতের বেষ্টনী স্থাপন করেছে বন বিভাগ। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

লোকালয়ে ঢুকে প্রায়ই তাণ্ডব চালায় বন্য হাতি। ঘটে হতাহতের ঘটনাও। এ কারণে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা দিন দিনই হাতির প্রতি বিরূপ হয়ে উঠছে। হাতি ও মানুষের এই বৈরিতা অবসানে অভিনব উদ্যোগ নিয়েছে বন বিভাগ। হাতিকে দূরে রাখতে লোকালয়ের চারদিকে স্বল্পমাত্রার সৌরবিদ্যুচ্চালিত বেষ্টনী স্থাপন (সোলার ফেনসিং) করা হয়েছে।
বিভাগের কর্মকর্তারা জানান, বান্দরবান সদর উপজেলা ও চট্টগ্রামের লোহাগাড়ার সীমান্তে বন্য হাতির উপদ্রব বেশি। তাই স্বল্পমাত্রার সৌরবিদ্যুৎ বেষ্টনী স্থাপন করে হাতিকে লোকালয় থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বেষ্টনী অতিক্রম করতে গেলে সহনীয় ও স্বল্পমাত্রার বিদ্যুতে স্পৃষ্ট হবে হাতি। ফলে ভয়ে হাতি আর লোকালয়ে আসবে না। হাতি দূরে থাকলে মানুষও হাতির প্রতি সহনশীল হয়ে উঠবে। এতে হাতির সঙ্গে মানুষের পাশাপাশি বসবাস সম্ভব হবে।
গত ২৭ সেপ্টেম্বর বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুলে সৌরবিদ্যুচ্চালিত বেষ্টনী স্থাপনের পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়। ‘পাইলট প্রোগ্রাম টু আইডেনটিফাই ইফেক্টিভ মেজারস টু রিডিউস হিউম্যান-এলিফ্যান্ট কনফ্লিক্ট’ নামের প্রকল্প বাস্তবায়নে বন বিভাগকে সহযোগিতা করছে প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা-আইইউসিএন।
বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের প্রধান অসিত রঞ্জন পাল বলেন, জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে হাতির আবাসস্থলে মানুষের বসতি গড়ে উঠেছে। এ জন্য হাতির সঙ্গে মানুষের সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্য হাতির পাল লোকালয়ে হানা দিয়ে মানুষ হত্যা করছে। হাতি ও মানুষের সহাবস্থানের পরিবেশ তৈরি করতেই এমন উদ্যোগ। এ প্রযুক্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়ভাবে এলিফ্যান্ট রেসপন্স টিম (এআরটি) নামের দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
আইইউসিএনের তদন্ত উপপ্রধান আহসানুল ওয়াহিদ বলেন, প্রাথমিকভাবে বান্দরবানের ভাগ্যকুল ও গোয়ালমারা এবং লোহাগাড়ার চুনতিতে বড় হাতিয়া ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় সৌরবিদ্যুৎ বেষ্টনী স্থাপন করা হয়েছে। হাতি যে পথ ধরে লোকালয়ে ঢোকে সেখানে ১০ কিলোভোল্টের সৌরবিদ্যুতের তার স্থাপন করা হয়েছে। ওই তার অতিক্রম করে হাতি লোকালয়ে ঢোকার চেষ্টা করলে সহনশীল মাত্রার বিদ্যুতে স্পৃষ্ট হবে। এতে হাতি আতঙ্কে লোকালয়মুখী না হয়ে আবার বনাঞ্চলে ফিরে যাবে। এভাবে কয়েকবার ঢুকতে না পারলে পরবর্তীকালে হাতিরা আর লোকালয়ে যেতে চাইবে না। জনবসতিতে এসে ক্ষতি না করলে মানুষেরও হাতির প্রতি সহমর্মিতা সৃষ্টি হবে। সহনশীল মাত্রার বিদ্যুতে হাতি ও মানুষের কোনো ক্ষতি হবে না বলে তিনি জানান।
ভাগ্যকুল এলাকার এআরটি দলের প্রধান ও সুয়ালক ইউপি সদস্য আব্বাস আলী বলেন, ভাগ্যকুল, কদুরখোলা, গোয়ালমারাসহ বেশ কয়েকটি এলাকার মানুষ হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এখন হাতির দল সৌরবিদ্যুৎ বেষ্টনী স্থাপনের পর কয়েকবার জনবসতিতে এসেও ফিরে গেছে। এ জন্য মনে হচ্ছে এটি কার্যকর ভূমিকা রাখবে।
বান্দরবানের বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মো. কামাল হোসেন বলেন, সৌরবিদ্যুৎ বেষ্টনী স্থাপন বাংলাদেশে প্রথম হলেও ভারতে অনেক আগে থেকে এটি প্রচলিত। সেখানে হাতি-মানুষে সহাবস্থানের প্রতিবেশ সৃষ্টিতে অত্যন্ত সফল হয়েছে। ভাগ্যকুলসহ যেখানে এ প্রযুক্তি স্থাপন করা হয়েছে সেখানে সাফল্য পাওয়া গেলে অন্য এলাকায়ও এই ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।