হাতি সংরক্ষণে বীজের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্নো হিরমা ফন ভস মজা করে বলেন, সংরক্ষণবিদ হওয়ার ইচ্ছা তাঁর কখনোই ছিল না। নেহাত আফ্রিকান হাতিদের বাঁচাতেই এই পেশা বেছে নিয়েছেন।
চোরা শিকারির দল প্রতিদিন আনুমানিক ১০০ হাতি মেরে ফেলছে। কারণ, তারা প্রাণীটির দাঁত সংগ্রহ করতে চায়। কারণ, গজদন্ত বা আইভরির চাহিদা দিনে দিনে বাড়ছেই।
প্রকৃতি সংরক্ষণ সংস্থা ডব্লিউডব্লিউএফ জানায়, আফ্রিকা মহাদেশজুড়ে এখন প্রায় ৪ লাখ ১৫ হাজার হাতি অবশিষ্ট আছে। ১০০ বছর আগেও সেখানে এই প্রাণীর সংখ্যা ছিল ৫০ লাখের মতো।
১৯৮৯ সালে বিশ্বব্যাপী নতুন আইভরি বিক্রি নিষিদ্ধ হলেও পণ্যটির অবৈধ কারবার চালু আছে। চীনে আইভরির চাহিদা এখনো ব্যাপক।
তাহলে ৪৮ বছর বয়সী ডাচ নাগরিক হিরমা ফন ভস আফ্রিকান হাতি সুরক্ষার জন্য কী করছেন? তিনি বীজ বিক্রি করেন। তবে যেনতেন কিছু নয়, দক্ষিণ আমেরিকার এক জাতের বিশেষ বীজ—নাম তাগুয়া। হালকা ধূসর রঙের। তালগাছজাতীয় বৃক্ষের এই বীজ লম্বায় সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হয়। শুকিয়ে নিলে দারুণ শক্ত। এগুলোকে ‘উদ্ভিজ্জ আইভরি’ বলা যায়। গজদন্তের মতোই এই বীজকে মসৃণ ও বাঁকা করে অলংকারে রূপ দেওয়া যায়। ইকুয়েডরের রাজধানী কুইটোয় হিরমার ব্যবসাকেন্দ্র। সেখান থেকে তাঁর কোম্পানি ১৬ বছর ধরে তাগুয়া রপ্তানি করছে। তিনি বলেন, বিক্রিবাট্টা বাড়ছে। চীন, জাপান, সিঙ্গাপুরসহ ৭০টি দেশ এই বীজ কেনে। আর তাগুয়া এখন আইভরির বিকল্প হিসেবেও জনপ্রিয় হয়েছে। চীনারা এ বছরের মধ্যেই হাতির দাঁতের ব্যবসার ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছে।
তাগুয়া একেবারে নতুন কিছু নয়। ইউরোপে আইভরি-সদৃশ কাঁচামালের চাহিদা আছে উনিশ শতক থেকেই। তখন এই বীজ দিয়ে বোতাম, হাতল প্রভৃতি বানানো হতো। তবে ধীরে ধীরে জিনিসটা আড়ালে চলে যায়। হিরমা ২০০০ সালে প্রথম ইকুয়েডর সফর করেন। তখন তিনি তাগুয়ার নামও শোনেননি। দেশটা ভালো লেগে যাওয়ায় সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বছরখানেক কাঠের আসবাবের ব্যবসা করার পর একটি টেলিফোন পেলেন। ফ্রান্স থেকে এক ব্রিটিশ নারী তাগুয়ার তৈরি মূর্তি চাইছিলেন। সেই থেকেই পণ্যটির ব্যবসায় যুক্ত হলেন হিরমা। তাই তো কৌতুক করে বলেন, ‘আমি চাপে পড়ে প্রাণী সংরক্ষণবিদ হয়েছি। তবে পণ্যটি সত্যিই বেশ পছন্দ করি।’
হিরমা এখন বছরে দুই লাখ মার্কিন ডলারের তাগুয়া বিক্রি করেন। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা পাইকারি হারে এই বিকল্প গজদন্ত আমদানি করছেন। ফরাসি গয়না ব্যবসায়ী মারিয়ঁ আদ্রঁ বলেন, আইভরির চাহিদা কমাতে তাগুয়া অনেক সাহায্য করেছে। সংবাদমাধ্যমের প্রচারের কারণে অনেকেই এখন হাতি নিধনের ব্যাপারটা জানেন। তাই তাঁরা উদ্ভিজ্জ আইভরি কেনার ব্যাপারে সচেতন।