হাতিকে এক হাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: ১৭ অক্টোবর রাতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা এলাকায় লোকালয়ে ঢোকা দুটি হাতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীকে টর্চলাইট দেওয়া হয়েছিল। (সূত্র: প্রথম আলো, ১৯ অক্টোবর ২০১৫)

মশা মারতে যেমন কামান দাগানো অর্থহীন তেমনি হাতি তাড়াতে টর্চলাইট ব৵বহারও হাস্যকর। তাহলে কী করে হাতি তাড়ানো যাবে? আসুন দেখা যাক।

আঁকা: ষুভ
আঁকা: ষুভ

সৈন্য পিঁপড়া
সাপুড়ে মরে বিষে, হাতি ডরে কিসে? অবশ্যই পিঁপড়ায়! ছোট্ট সাইজের একটা পিঁপড়া যদি কোনোভাবে হাতির শুঁড়ে ঢুকে পড়ে, তাহলে আর দেখতে হবে না! ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের সর্বকালের গতির রেকর্ড ঢাকার রাস্তাঘাটের মতো ভেঙেচুরে দিয়ে হাতির দল একেবারে পগারপার! তাই হাতি তাড়ানোর জন্য ফসলের খেতের চারপাশে বিশেষভাবে প্রশিক্ষিত একদল সৈন্য পিঁপড়া রেখে দিতে হবে, যারা হাতি এলেই হাতির শুঁড়ের ভেতর ঢুকে যাবে! এতে হাতি কোনো রকম জিপিএস ছাড়াই নিজেরাই পালানোর পথ খুঁজে নেবে!

শুটিং
ইদানীং আমাদের মধ্যে কেউ কেউ একটা ক্ষেত্রে বিশেষ প্রতিভার স্বাক্ষর রাখছেন। আর তা হলো শুটিং! তাঁরা আকাশের দিকে তাক করে গুলি ছুড়লেও মাটিতে থাকা নিশানা মানে সাধারণ মানুষের শরীরে বুলেট বিদ্ধ করতে সিদ্ধহস্ত! কিন্তু সঠিক জায়গায় প্রয়োগের অভাবে তাঁদের এই সাড়া জাগানো প্রতিভা মুখ থুবড়ে পড়ে যেতে বসেছে জাতির বিবেকের মতোই! এসব শুটারদের হাতি তাড়ানোর জন্য ফসলের খেতের ধারে অস্ত্র হাতে দাঁড় করে দিলেই হয়। ভয়ে আর হাতি আশপাশে ভিড়বে না।

সাইনবোর্ড

এ দেশের সবাই একটা নীতি মেনে চলে। যেটা করা নিষেধ, সেটাই আগে করো। কোথাও ময়লা ফেলতে বারণ করা হলে সবাই সেখানেই ময়লা ফেলে। সেই সূত্রমতে যদি কোথাও বলা হয়ে থাকে যে ‘এখানে ময়লা ফেলুন’, তাহলে নির্ঘাত সেখানে একটা কুটোও পড়বে না। এই পদ্ধতির ওপর যথাযথ সম্মান রেখে ফসলের খেতের সামনে সাইনবোর্ডে বড় বড় করে লিখে রাখতে হবে ‘হাতিদের জন্য বরাদ্দকৃত খাবারের জায়গা। হাতিরা এখানে এসে খাবে।’ ব্যস, এতেই আর কোনো হাতি সেই এলাকার ত্রিসীমানায় ঘেঁষবে না।