কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকাসহ লোকালয়ে ২০ থেকে ৩০টি বন্য হাতি ১৫ দিন ধরে তরমুজ, বাঙ্গি, খিরা, ভুট্টা, কলা ও মুলি বাঁশখেত খেয়ে সাবাড় করছে এবং চার শতাধিক একর বোরো ধানের জমি নষ্ট করে দিয়েছে। হাতির আক্রমণের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকার রাজারছড়া, বাইন্যাপাড়া, মারিষবনিয়া, চৌকিদারপাড়া, লাতুরী খোলা, লম্বাঘোনা, পানখালী, আলীখালী, দমদমিয়াসহ লোকালয়ে সাত শতাধিক একর জমির খেত খেয়ে এবং পায়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দিনে হাতির পাল পাশের পাহাড়ে ঘোরাফেরা করে, বিকেলে লোকালয়ে নেমে আসে। তখন এলাকার নারী-পুরুষ ও শিশুরা হাতির আক্রমণের ভয়ে বাড়িঘর ছেড়ে দিগিবদিক ছোটাছুটি করে।লাতুরীখোলা গ্রামের বর্গাচাষি আলিম উদ্দিন বলেন, ‘মউ (স্থানীয়ভাবে হাতিকে মউ বলে) আঁর ৬০ শতক তরমুজখেত ঠ্যাং দিয়ারে কিছু ন রাখে।’চৌকিদারপাড়ার চাষি রায় মং চাকমা বলেন, ‘৪০ শতক জমির ওপর ভুট্টার খেত করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিন্তু খেত থেকে ফলন ওঠানোর আগেই হাতির পাল এসে অধিকাংশ খেত নষ্ট করে দিয়েছে।’ হোয়াইক্যং ও বাহারছড়ার ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও হাবিব উল্লাহ জানান, হাতির দল তিন ইউনিয়নের ফসল খেয়ে চললেও কেউ তাড়ানোর চেষ্টা করছে না। কারণ, হাতি তাড়াতে গেলে উল্টো তেড়ে আসে। হাতির উপদ্রবের কারণে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অনেক মানুষের প্রাণহানিও ঘটছে। তাই প্রাণভয়ে কেউ হাতি তাড়াতে সাহস করছে না। বিষয়টি জেনেও নীরব ভূমিকা পালন করছে বন বিভাগ।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, উপজেলায় চলতি মৌসুমে বন্য হাতির আক্রমণে এ পর্যন্ত সাত শতাধিক একর জমির ফসল নষ্ট হয়েছে। জেলা দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জি এম কবির বলেন, ‘বনাঞ্চল ধ্বংস হওয়া, বন্য প্রাণীর খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় বন্য হাতি এদিক-ওদিক ছোটাছুটি করে খাদ্যের জন্য লোকালয়ে চলে আসে। পৃথিবীর বিভিন্ন দেশে বন্য প্রাণী নিয়ন্ত্রণ ও তাদের জন্য সরকারিভাবে খাদ্যের ব্যবস্থা করা হয়, কিন্তু আমাদের দেশে সে ব্যবস্থা নেই।’ হাতির আক্রমণ থেকে বাঁচতে মানুষকে কাঁটাতারের বেড়া নির্মাণের পরামর্শ দেন তিনি। গত ১০ বছরে ২৫ জন মানুষ হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে।