
বাঘটি বসে বসে খেয়াল করছিল অনেকক্ষণ ধরে। একপর্যায়ে হাতিটির দিকে তেড়ে গেল। আক্রমণের চেষ্টাও করল। তারপর হঠাৎ কী মনে করে সিদ্ধান্ত বদল করল। পিছু হটে পালিয়ে গেল জঙ্গলের গভীরে। হয়তো হাতিটির নির্বিকার অবস্থান এবং বিশাল শরীর দেখে বাঘটি ঠিক সুবিধা করতে পারেনি।
ঘটনাস্থল ভারতের উত্তরাখন্ড রাজ্যের জিম করবেট ন্যাশনাল পার্ক। হাতিটি অবশ্য একা ছিল না। তার পিঠে পর্যটকেরা বসে ছিলেন ক্যামেরা হাতে নিয়ে। আরেকটু দূরে ছিল পর্যটকদের জিপগাড়ি। তাঁরা যখন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন, বাঘটি তখন রাস্তার এক পাশে বসে দেখছিল। পুরো ঘটনাটির ভিডিও প্রকাশিত হয়েছে। এটি গত ১৭ নভেম্বরের।
জিপটি ধীরে ধীরে এগোচ্ছিল। পর্যটকের দল বাঘটিকে আরও কাছ থেকে দেখতে ও তার ছবি তুলতে চেয়েছিল। একপর্যায়ে বাঘটি গা ঝাড়া দিয়ে দাঁড়ায় এবং আক্রমণাত্মক ভঙ্গিতে হাতির দিকে ছুটে যায়। কিন্তু একেবারে কাছে পৌঁছানোর আগেই হঠাৎ থেমে পালিয়ে যায়।
যিনি ঘটনাটির দৃশ্য ভিডিওতে ধারণ করেছেন, তাঁর কাছে এটা ছিল ‘রোমহর্ষক এক অভিজ্ঞতা’।
জিম করবেট ন্যাশনাল পার্কটি বন্য প্রাণীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সেখানে নানান জাতের গাছপালা ও পশুপাখির বসবাস। বিশেষ আকর্ষণ হিসেবে আছে বেঙ্গল টাইগার, অন্যান্য জাতের বাঘ, চিতা ও বুনো হাতি।