‘বিভ্রাট শুরু হলো তখন, যখন দলটি টের পেল আমরা তাদের অনুসরণ করছি। সামান্য কয়েক মুহূর্ত সময় নিয়ে দলনেত্রী এক বৃদ্ধ হস্তিনী শুঁড় উঁচিয়ে প্রথমে গগনবিদারী চিৎকার দিল।’ঘন কুয়াশায় চারপাশটা এমনভাবে ছেয়ে ছিল যে আমার এক মিটার দূরে যে মাঝি তার অবয়ব বাদে বাকি কিছুই দেখা যাচ্ছিল না। কনকনে শীতে সহযাত্রীরা সবাই কানটুপি ও মাফলার দিয়ে মাথা পেঁচিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। আমি আমার সারা দেহে মুড়ে নিয়েছিলাম মোজা, দস্তানা এবং পুরু ওভারকোটে। কেবল চোখ আর নাক বশে ছিল না। শীতের ভোর ছয়টা মানে অনেক সকাল। সূর্য উঠবে সেই সাতটার দিকে। এরপর চারদিক আচ্ছন্ন হয়ে আছে দারুণ পুরু এক পরত কুয়াশায়। মারিস্যার লঞ্চঘাট থেকে একটি ইঞ্জিনবোটে চ্যানেল আইয়ের ‘প্রকৃতি ও জীবন’ দলের ছয়জনের সঙ্গে চলছিলাম প্রায় ১৫-২০ কিলোমিটার দূরের আমতলী-পাবলাখালী এলাকার বনের দিকে।কাসালং নদীর দুই ধারে কিছুই দেখা যাচ্ছিল না। কেবল আকাশ ফাটানো শব্দে চারদিকে ভটভট করে চলছিল পানির কল। চারপাশে শীতের সব ফসলের খেতে পানি সরবরাহ হচ্ছিল। মাঝমধ্যে আদ্যোপান্ত কাপড়ে মোড়া কিছু মানবদেহের চলাফেরা ঘন কুয়াশায় ছায়ার মতো দেখাচ্ছিল।প্রায় আটটার সময় আমাদের ইঞ্জিনবোট যখন আমতলী ঘাটে ভিড়ল, তখন বন বিভাগীয় কর্মী সেখানে অপেক্ষা করছিলেন। তাঁরা ও সহযোগীরা মিলে সব মালসামান নিয়ে নেমে বন বিভাগের রেঞ্জ অফিসে পৌঁছাতেই শুনলাম, একটি হাতির পাল তখনো প্রায় আটকা পড়ে আছে এক ফালি সংরক্ষিত বনে।পড়ি কি মরি করে কোনোমতে কেবল ক্যামেরা বগলদাবা করে দে ছুট ওই রিজার্ভ বনের দিকে। বন অফিস থেকে এক কিলোমিটারের মধ্যেই হাতির আর্তচিৎকারের বিকট শব্দ কানে এল। সেই সঙ্গে গ্রামবাসীর হাতি তাড়ানোর হল্লাচিল্লা। আমাদের আগমনের কথা আমতলী বাজারে রাও হওয়ার ফলে আশপাশের সরকারি বন কেটে যেখানে প্লাবন ভূমির বাঙালিদের বসানো হয়েছে, তারা চারদিকে থেকে ধেয়ে এল।কপাল ভালো, চ্যানেল আইয়ের কারণে বিডিআর কর্তৃপক্ষ আগে থেকে স্থানীয় পুলিশকে সতর্ক করে দিয়েছিল। তারা জনগণকে ঠেকাল আর আমরা হাতি ও মানুষ চলাচল করা মেঠোপথ ধরে এগিয়ে বনে ঢুকে আপনা থেকেই দু-তিনটি ছোট দলে ভাগ হয়ে পড়লাম। হঠাৎ একজন চিৎকার করল, হাতি আসছে! দে দৌড়! কয়েক মিনিট ভেগেই পেছন ফিরলাম, যেমন হঠাৎ করে ভাগতে ভাগতে দাঁড়িয়ে পড়ে বেজি বা হরিণের দল; তারপর তারা গলা বাড়িয়ে বা উঁচু করে দেখে শত্রুর অবস্থান, আমরাও তা-ই করলাম। আর সঙ্গে সঙ্গে দেখলাম, অনুজ ড. আনিসের ৮-১০ গজের মধ্যে একটি হাতি। আর সে ঠায় দাঁড়িয়ে। হাতিটিকে সে বলছে, ‘থাম, থাম।’ কী বুঝে যেন হাতিটি ছুট দিল বাঁয়ে, এক ঝোপের দিকে। এদিক-সেদিক তাকিয়ে বাকি হাতি ধারে-কাছে নেই টের পেয়ে আমরাও ছুটলাম ওর পেছনে।একটি টিলার খাড়া পাড়ের নিচের দিকে যে ছোট বাঁওড় তার কিনারা বেয়ে হাতিটি কী যেন খুঁজে বেড়াচ্ছিল। এ সময় রেঞ্জ অফিসার বললেন, ওটি একটি মা-ছাড়া অসোমত্ত শাবক। কখনো এটি দলে ঢোকে, কখনো বা দল ছেড়ে একাকী চলে। কারণ, একে সঠিকভাবে পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব যে মায়ের ছিল, তাকে নাকি স্থানীয় সম্প্রদায় মেরে ফেলেছে। ফলে এটি মাতৃহীন, কিন্তু দলছুট নয়।আধা ঘণ্টা চেষ্টার পর আমরা প্রায় জয়ী হলাম, যখন ওটাকে খুঁজতে খুঁজতে হাতির মূল দলটি খুঁজে পেলাম। আর দেখলাম, এটি মূল দল থেকে প্রায় ৫০ মিটার দূরে আপন মনে খাবার খুঁজছে।বিভ্রাট শুরু হলো তখন, যখন দলটি টের পেল আমরা তাদের অনুসরণ করছি। সামান্য কয়েক মুহূর্ত সময় নিয়ে দলনেত্রী এক বৃদ্ধ হস্তিনী শুঁড় উঁচিয়ে প্রথমে গগনবিদারী চিৎকার দিল। সে ভয় দেখানো শব্দে আমরা সামান্য ভয় পেয়ে একটু দূরে সরে গেলেও দলনেত্রী আশ্বস্ত হতে না পেরে, দুদণ্ড পরেই শুঁড় উঁচু করে আমাদের দিকে পাঁচ-সাত মিটার এসে ‘চার্জ’ করল এবং ত্বরিত ব্রেক করার মতো করে হঠাৎই থেমে গেল, একেবারে যেমনটি দেখা যায় অ্যানিমেল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেলের দেখানো প্রামাণ্য ছবিতে। আমরা একদম নিশ্চুপ। দলনেত্রী আর এগোল না। আমরা যে মেঠোপথে, সেটা ডানে রেখে চলতে শুরু করল বাঁ দিকের টিলায়। একে অনুসরণ করল দলের আরও দুটি শাবকসহ মা, নিজের শিশুশাবক এবং মা-হারা বড় শাবকটি, যার বয়স চার থেকে ছয় বছর হতে পারে।আমাদের থেকে প্রায় ২০ মিটার দূরে কিছু মিশ্রঝোপের মধ্যে এরা দাঁড়িয়ে গেল। সবার মুখ আমাদের দিকে। এক সারে দাঁড়ানো। চারদিকটা একদমই নিস্তব্ধ।এমন সময় একজন বয়সী বনকর্মী সমানে মন্ত্রপাঠের মতো হাতির উদ্দেশে বলতে থাকল, ‘মামা, আমরা সরকারি লোক, বন বিভাগের লোক, আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা আপনাদের রক্ষাকারী’ ইত্যাদি অসংখ্য শ্লোক।দূর থেকেই আমি আমার ক্যামেরার লেন্সে এদের অনুসরণ করছিলাম এটা দেখার জন্য যে, বিশেষ করে দলনেত্রীর মতিগতি কী। দেখছি, দলনেত্রী এবং এর সঙ্গে সঙ্গে বাকি মা দুটি বারবার আকাশের দিকে শুঁড় তুলে বাতাস থেকে গন্ধ নেওয়ার চেষ্টা করছিল এটা টের পাওয়ার জন্য যে, শত্রুরা, মানে আমরা, কোনদিকে বা কত দূরে। সৌভাগ্য যে, বাতাস ছিল আমাদের পক্ষে অর্থাৎ হাতির বিপক্ষে। হাতির দিক থেকে বাতাস আসছিল আমাদের দিকে। আনিস ও আমি অবশ্যই বুঝতে পারি হাতির মতিগতি তখন কেমন ছিল। কারণ, হাতিরা বুঝতে পারেনি আমরা এদের কত কাছে, যেহেতু এদের দৃষ্টি তেমন প্রখর নয়। এদের শ্রবণ ও ঘ্রাণশক্তি খুব বেশি, কিন্তু দৃষ্টিশক্তি তেমন প্রখর নয়। আমরা যেহেতু নড়াচড়া ও তেমন শব্দ করিনি, ফলে দলটি নিরাপদ বোধ করছিল। রেঞ্জার ও অন্য বনকর্মীরা জানালেন, আমরা অন্য একটি টিলায় গেলে সহজে হাতির পালটি অনুসরণ করতে পারব। প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে যখন একটি বাঁওড়ের পাড়ে দাঁড়ালাম, তখন হাতির পুরো দল মাত্র ১০ মিটার দূরে। এদের এবং আমাদের মাঝখানে কেবল এক ফালি জলরাশি। ইচ্ছা করলেই কয়েক সেকেন্ডের মধ্যে হাতির পাল আমাদের তাড়া করতে পারত। কিন্তু কপাল ভালো, আমরা বাতাসের ভাটিতে আর হাতির পাল উজানে। এত কাছে এবং অমন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশে এর আগে আর কখনো হাতির মুখোমুখি হইনি।