হাতির পায়ের নিচে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অঞ্চলে হাতি আর মানুষের মধ্যে অসম যুদ্ধটা চলে আসছে দীর্ঘদিন ধরে। বন উজাড়ের কারণে হাতির আবাসস্থল নষ্ট হচ্ছে, দেখা দিয়েছে খাদ্যের সংকট। ফলে বনের হাতি নেমে আসছে লোকালয়ে, গৃহস্থের ধানখেত সাবাড় করছে আর ভেঙে দিচ্ছে ঘরবাড়ি। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন হায়দার স্রেফ পেটের দায়ে তিনি ভালো বেসেছেন পাহাড়ি এই পথটাকে। এই পথের সঙ্গে তাঁর সখ্য পাঁচ বছরের। দিনের আলো নিভে গেলে পথে নামেন, ভোরের আলো ফুটলে ঘরে ফেরেন। সারা রাত কাটে পাহাড়ের বুকে, ধানের খেতে—সেখানে কখনো দেখা হয়ে যায় ‘মউ’র (হাতি) সঙ্গে!আজ ঘর থেকে বের হওয়ার সময় মউয়ের উদ্দেশ্যে এক দফা সালাম পেশ করলেন আবদুস সাকুর। কিন্তু লাঠি আর মশাল সঙ্গে নিতে ভুল করেন না। কারণ, ইদানীং তেনারা বেশ ঘন ঘন নামছে খেতে। মউর সঙ্গে লড়তে এই দুইটা জিনিস বেশ জরুরি। রাত কত হবে? ঠিক বুঝতে পারেন না আবদুস সাকুর, তবে এটা বোঝেন, আজ দেরি হয়ে গেছে, সঙ্গীরা তাঁকে ফেলে চলে গেছেন। বউয়ের ওপর রাগটা বাড়ে—ভাত রাঁধতে কেন এত দেরি হবে? আকাশে তাকালেন সাকুর, দেখলেন তাঁর সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে থালার মতো চাঁদটাও। চাঁদের আলোয় পথটা আরও ভালো দেখা যাচ্ছে। সাকুর মনে মনে আরেকবার সালাম পেশ করলেন মউর উদ্দেশে। তারপর বাড়িয়ে দিলেন হাঁটার গতি। উঁচু-নিচু একটি জায়গায় হোঁচট খেতেই সাকুর নিশ্চিত হলেন পথের এখানেই শেষ, বড় বিলে চলে এসেছেন তিনি। বিশাল ধানখেতের মাঝখানে তিন-চার ফুট প্রস্থের একটি মেঠোপথ ধরে আনমনে হাঁটছেন। আর দু-তিন শ গজ সামনেই এগোলেই তাঁদের খেত।ভাবনাটা আবার পেয়ে বসল সাকুরকে। ভাত দিতে দেরি হওয়ায় রাগারাগি করেছেন বউয়ের সঙ্গে। মনে মনে প্রতিজ্ঞা করেন আর কখনো বকবেন না বউকে। বাড়ি থেকে বের হওয়ার সময় বউয়ের চোখে দেখেছেন মুক্তার মতো একবিন্দু কষ্টের জল। সে কষ্ট ছুঁয়ে যাচ্ছে তাঁকে।ভাবতে ভাবতে হঠাৎ থমকে পড়েন সাকুর, কিসের সঙ্গে যেন মৃদু ধাক্কা খেলেন, মুহূর্তে সতর্ক হয়ে উঠলেন তিনি। হাতের লাঠি বাগিয়ে সামনে তাকান, কিন্তু দৃশ্যটা দেখে জমে গেলন আবদুস সাকুর—সামনে যে ছোটোখাটো একটা পাহাড়! তবে কি পূর্ণিমার চাঁদের আলোয়ও পথ হারালেন? ভাবার সময় পান না সাকুর, তার আগেই ‘পাহাড়টা’ যেন হেঁটে এগিয়ে আসে একেবারে সামনে এবং গুঁতো দেয় তাঁকে, বুকের দুই দিকে দুটি বিষের ফলা যেন বিদ্ধ হলো। এরপর লম্বা মতো কী একটা যেন পেঁচিয়ে ধরে।সাকুরের বুঝতে বাকি রইল না, মউর সামনে পড়ে গেছেন তিনি। আবার চড়াও হলো সেই পাহাড়টা এবং তাঁকে শূন্যে তুলে আছাড় মারল। এরপর? এরপর সাকুরের চোখে শুধু অন্ধকার।আগেই সেই হাতির সামনে পড়ে গিয়েছিলেন সাকুরেরই প্রতিবেশী নুরুল আবসার। শেষে পায়ে পিষ্ট করেছে। এরপর দলছুট হয়ে পড়ে বন্য প্রাণীটা, পাগলের মতো দৌড়াতে থাকে। প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে পাকড়াও করে আবদুস সামাদকে। তাঁকেও আছাড় দেয়, লাথি মারে। প্রায় ২০ গজ দূরে ধানখেতের মাঝখানে গিয়ে পড়েন সামাদ।ঘণ্টা খানেক পর এই ঘটনা টের পায় পাশের পাহাড়ে বসবাসরত মুরংরা। তারা মশাল জ্বেলে লাঠি নিয়ে এগিয়ে এলে হাতির পাল পিছু হটে। পরে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেখানে নুরুল আবসারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবদুস সামাদ ও আবদুস সাকুরকে পাঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।গত ১৯ অক্টোবর রাত ১১টায় চকরিয়া উপজেলার খুটাখালীর পূর্বপাড়ার ধানখেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন এই তিনজন। নুরুল আবসারের বাড়ি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন পূর্বপাড়া ও পূর্ব গর্জনতলীতে। তাঁরা খুটাখালী সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে পাহাড়ি জমির আমন ধান পাহারা দিতে গিয়েছিলেন।সর্বশেষ খবরে জানা গেছে, আবদুস সামাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসাধীন। তবে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আবদুস সাকুর। ২৩ অক্টোবর চকরিয়ার খুটাখালী ইউনিয়নের হাতির গর্ত নামক এলাকায় ধানখেত পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন আবু সিদ্দিক (৩০)। হাতি তাঁকে আছাড় মারে। সিদ্দিক পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাহাড়ি এলাকায় হাতির উৎপাতচট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবজার জেলার বিভিন্ন এলাকায় হাতি আর মানুষের মধ্যে অসম যুদ্ধটা চলছে দীর্ঘদিন ধরে। গভীর বনাঞ্চল থেকে নেমে এসে গৃহস্থের ধানখেত সাবাড় করছে হাতি, ভেঙে দিচ্ছে ঘরবাড়ি। খেত পাহারা দিতে গিয়ে এবং তাড়াতে গিয়ে হাতির হাতে বেঘোরে প্রাণ দিচ্ছে মানুষ। কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, বান্দরবানের লামা এবং রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলীতে হাতির তাণ্ডব চলছে বেশি। লোহাগাড়ার চুনতী অভয়ারণ্য, চকরিয়ার ফাসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, বাঁশখালীর জলদি, পুঁইছড়ি, রাঙ্গুনিয়ার কোদালা, শিলক, কাপ্তাইয়ের চিৎমরমে হাতির সঙ্গেই বসবাস করে মানুষ। এসব এলাকার পাহাড়ি ও সমতল ভূমিতে বাড়ি বানিয়ে থাকে মানুষ, চাষবাস করে খান। হাতির হাত থেকে জানমাল রক্ষায় কেবল লাঠি আর মশাল নিয়ে পাহারা দেন ওই সব এলাকার মানুষ।সম্প্রতি হাতির আক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে রাঙ্গুনিয়ায়। ২০০০-০৬ সাল পর্যন্ত সাত বছরে ২০ জনের প্রাণহানি হয়েছে পাহাড়ি এ উপজেলায়। গত দুই বছরে বাঁশখালীতে মারা গেছেন ১২ জন। ২০০৫ থেকে ২০১০-এর সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চন্দনাইশে ১১ জন মারা গেছেন। এ ছাড়াও গত তিন বছরে কাপ্তাইয়ে দুজন, চকরিয়ায় চারজন, পটিয়ায় তিনজন এবং লোহাগাড়ায় একজন মারা গেছে। চন্দনাইশে ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত ১১ জন মারা গেছে হাতির আক্রমণে। পটিয়ায় গত দুই বছরে দু-তিনজন মারা গেছে। ভয়ের রাজ্য চুনতী অভয়ারণ্য১৯৮৬ সালে সাত হাজার ৭৬৪ হেক্টর সংরক্ষিত বনভূমি নিয়ে চুনতী বণ্যপ্রাণী অভয়ারণ্য গঠিত হয়। এটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া ও বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়ার সাত ইউনিয়ন চুনতী, আধুনগর, হারবাং, পুঁইছড়ি, বাঁশখালী, বড় হাতিয়া ও টেটংয়ের অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছে। অভয়ারণ্যে ও এর আশপাশের বিপুল জনগোষ্ঠী বসবাস করে। তাদের জীবিকা বন ও এর সন্নিহিত ধানি জমির ওপর নির্ভরশীল। চুনতী অভয়ারণ্যের মধ্যে বাস করা মানুষ সারাক্ষণই হাতির আতঙ্কে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে তারা গাছের ওপর টংঘর তৈরি করে ধানি জমি পাহারা দেয়।চুনতী আশ্রয়কেন্দ্রের বাসিন্দা শহীদুল্লাহ জানান, প-অলির (পাগলি) ছড়ার পাহাড়ি এলাকায় বর্গা জমিতে আমন চাষ করেছেন। খেতের পাশের উঁচু গাছের ডালে টংঘর তৈরি করে ধান পাহারা দেন। তাঁর খেতের আশপাশে টংঘরে থেকে হাতি তাড়ানোর কাজ করেন আবু শামা, আবুল কাশেম, আবু তাহের ও আবুল কালাম। তাঁদের মতো কম করে হলেও আরও ২০০ মানুষ টংঘরে থেকে ধান পাহারা দেন। তিনি বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই হাতির মুখোমুখি হই।’ভয় করে না? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা হলাম গরিব অসহায় মানুষ। আমরা পরের জমিতে চাষবাস করি। সে জমির ধান মউ খেয়ে ফেললে আমরা কী খাব? তাই জীবনের মায়া ছেড়ে মউয়ের মুখোমুখি হই।’তিনি জানান, একেকটি দলে ৫ থেকে ১৫টি পর্যন্ত হাতি থাকে। তবে একটি বিশাল হাতি দলছুট হয়ে একা একা চলাফেরা করে। চুনতী অভয়ারণ্য বিট ও চুনতী অভয়ারণ্য রেঞ্জের উপরেঞ্জার কে এম মোরশেদুল আলম জানান, অভয়ারণ্য এলাকা হাতির প্রজননক্ষেত্র। প্রজণনের সময় আশপাশের ১০০ কিলোমিটার থেকে হাতিরা চুনতী অভয়ারণ্যে চলে আসে। একটি হাতি গর্ভধারণের প্রায় দুই বছর পর বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসবের সময় অন্য হাতিগুলো মা-হাতির চারদিকে অবস্থান নিয়ে তাকে নিরাপত্তা দেয়। এ সময় মানুষের উপস্থিতি কোনোভাবেই সহ্য করে না হাতি।