
সুদূরের তৃষ্ণা মানুষের সহজাত কিন্তু সেই তৃষ্ণা মেটানোর সুযোগ তো সহজলভ্য নয়। তাই আমরা গৃহী মানুষেরা সংসার-শিকড়ে আবদ্ধ হয়ে সারা জীবন সুদূরের পানে চেয়ে থাকি যদি কখনো সুযোগ আসে। এবার সেই সুযোগটি এসে গেল নেপাল ভ্রমণের।
নেপাল ভ্রমণ সব সময় বিধেয় নয়। সেখানে রয়েছে আবহাওয়ার আতিশয্য। শীতের সময় (নভেম্বর-মার্চ) নেপালে থাকে কনকনে শীত আর কুয়াশা। আবার মে থেকে আগস্ট বর্ষাকাল। সারা দিন আকাশে মেঘের ঘনঘটা আর মুহুর্মুহু বর্ষণ। এ দুই সময়ে হিমালয় মেঘ আর কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে ধ্যানমগ্ন হয়।
এবার সেপ্টেম্বরে ছিল ঈদুল আজহার অবকাশ। আমি তো অবকাশেই আছি, স্ত্রী মঞ্জরীর কলেজ ছুটি হলো। নেপাল ভ্রমণের এটাই উত্তম কাল। কাঠমান্ডুতে চাকরিসূত্রে আছে মঞ্জরীর কাজিন সেজান ও মুনা, ফোন করলাম তাদের। সেজান উচ্ছ্বসিত হয়ে সায় দিল, ‘এটাই উৎকৃষ্ট সময়, চলে আসেন ভাইয়া।’ এরপর সবকিছু হয়ে গেল খুব সহজেই, টিকেট কনফার্ম, ডলার সংগ্রহ, ব্যাগ গোছানো। দুই সন্তান দেরশানী, সিদ্ধার্থ বড় হয়ে যাওয়ায় এখন আমাদের ব্যাগ গোছাতে আধা ঘণ্টাও লাগে না।
যাওয়ার আগে এক বন্ধুকে ফোন দিলাম। তিনি বললেন, ‘চিতোয়ানটা ভালো করে দেখে আসেন।’

‘চিতোয়ান’ নেপালের একটি জেলা। চিতোয়ান শব্দের অর্থ ‘জঙ্গলের হৃদয়’। তার মানে চিতোয়ান দেখতে যাওয়ার উদ্দেশ্যই হলো জঙ্গল দেখা। কিন্তু আমি তো নেপালে এসেছি মূলত পাহাড় দেখতে। সেজানকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি চিতোয়ান গেলে আমাদের পাহাড় দেখা হবে না? সেজান আশ্বস্ত করে বলল, ‘না ভাইয়া চিতোয়ানের সারাটা পথ তো আপনারা পাহাড়ের ভেতর দিয়েই যাবেন।’
কাঠমান্ডু থেকে চিতোয়ানের দূরত্ব ১৫০ কিলোমিটার। পোখরা থেকেও প্রায় তাই। আমরা পোখরা থেকেই রওনা হলাম চিতোয়ান। বাহন ট্যুরিস্ট বাস। গন্তব্য চিতোয়ান পার্কল্যান্ড হোটেল।
২৫ সেপ্টেম্বর আমাদের যাত্রা শুরু হলো পোখরা বাসস্ট্যান্ড থেকে সকাল আটটায়। বাসের অর্ধেকই প্রায় সাদা চামড়ার পর্যটক। নেপালের এই ট্যুরিস্ট বাসগুলো চলে ধীরগতিতে। কারণ প্রথমত, নিরাপত্তা। আর দ্বিতীয়ত, যেতে যেতে পথের দুধারের নেপালকে দেখা। সত্যিই তাই, ২০ সেপ্টেম্বর বিকেলে কাঠমান্ডুর ‘ত্রিভুবন’ বিমানবন্দরে নেমেই বুঝেছিলাম; গোটা নেপালই যেন অভিনব পর্যটনকেন্দ্র। যেদিকে চোখ মেলি, পাহাড় আর মেঘের মিলন। চোখ ফেরালেই পাল্টে যায় দৃশ্যপট।
চিতোয়ানের পথে বাসে যেতে যেতেও হলো সেই একই দশা। মুংলিং থেকে আমাদের বাস যখন চিতোয়ানের দিকে বাঁক নিল, তখন পাহাড়গুলো যেন আরও আপন হয়ে এল আমাদের কাছে। আরও উঁচু। আরও সবুজে আচ্ছাদিত। আর কোথাও চূড়ায়, কোথাওবা পাহাড়ের কোল ঘেঁষে ছাতা ছাড়া মেঘেদের আদূরে আশ্রয়। মনে হচ্ছিল নেপালের নীলাকাশে সবুজের হাতছানি।
এই পাহাড়ের পাঁজর কেটেই তৈরি হয়েছে পথ। এই পথের পাশ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি ঝরনা প্রবাহিত তীরছুলি নদী। স্রোতস্বিনী সে নদী যেন আমাদের বাসের গতির সঙ্গে তাল মিলিয়ে পথ দেখিয়ে দেখিয়ে এগিয়ে চলেছে।
এভাবে ঘণ্টা দুয়েক চলার পরেই ধীরে ধীরে পাহাড় মিলিয়ে গেল। এল সমতল। সে সমতলে মাঝে মাঝে ধানখেত, মাঝে মাঝে জঙ্গলের পথ। আমরা যখন চিতোয়ান পার্কল্যান্ড হোটেলে পৌঁছালাম তখন দুপুর সোয়া দুইটা। হোটেলের অভ্যর্থনাকারী মহিলা হাসিমুখে জানিয়ে দিলেন, আপনাদের লাঞ্চ রেডি, বেলা তিনটায় এলিফ্যান্ট রাইডে যাত্রা। অর্থাৎ হাতির পিঠে চড়ে গভীর জঙ্গলে ভ্রমণ।
লাঞ্চ টেবিলে গাইড বিষ্ণু আমার ঘাড়ের ওপর দাঁড়িয়ে আমাকে তুলে নিয়ে গেলেন অপেক্ষামাণ ট্যুরিস্টভ্যানে। ভ্যানে উঠে দেখলাম আমরা দুজন ছাড়া বাকি সাত-আটজন, সবাই সাদা চামড়ার। সাত-আট কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম চিতোয়ান ফরেস্ট লেকের ধারে। সেখানে সারিবদ্ধ হাতি দাঁড়িয়ে আছে। প্রতিটি হাতির পিঠে উটের হাওদার মতো চার খুঁটি সংবলিত আসন পাতা। চারজন করে পর্যটক প্রতি হাতির পিঠে চড়ে ওই খুঁটি ধরে বসবেন।
আমরা চারজন যে হাতির পিঠে চড়ে বসলাম, সে হাতিটির নাম ‘আকাশকালি’ আর মাহুত বিনোদ। হাতির পিঠে এভাবে বসাটা ছিল বেশ কষ্টের। কিন্তু সে কষ্ট ছাপিয়ে প্রচণ্ড কৌতূহল আমাদের প্রতি মুহূর্তে শিহরিত ও আন্দোলিত করছিল। হাতির পিঠে চড়ে আমরা গভীর অরণ্যে ঢুকব, যেখানে আছে বাঘ-ভাল্লুকের মতো হিংস্র প্রাণী। আছে নানা প্রজাতির বৃক্ষ, লতাপাতা, কীটপতঙ্গ। ‘আকাশকালি’ যাত্রার শুরুতেই যখন লেকের পানিতে নেমে গেল, তখন বিনোদ আমাদের সাবধান করে দিলেন, যেন আমরা কোনো শব্দ না করি এবং পারতপক্ষে কথা না বলি।
আমি তো এমনি আবেগে বাকরুদ্ধ, জীবনে কোনোদিন চাক্ষুষ বন দেখিনি, আর এত শুধু দেখা নয়, হাতির পিঠে চড়ে বনের ভেতর ঘুরে বেড়ানো। বনে যা যা দেখার তার অনেকটাই দেখা হলো—বিচিত্র বৃক্ষ, লতাপাতা, কীটপতঙ্গ, বন্য প্রাণী। বাঘ দেখার খুব আগ্রহ ছিল কিন্তু বাঘ দেখা হলো না, শুধু দূর থেকে তার ডাক শোনা হলো। এভাবে নিঃশব্দে হাতির পিঠে চড়ে একটানা দুই ঘণ্টা আমাদের চার জোড়া চোখ খুঁড়ে চলল চিতোয়ানের চিত্তাকর্ষক হৃদয়পট।