অনেক মানুষ হাতির পিঠে চড়ে কিংবা তাদের গোসল করিয়ে অথবা শুঁড় কাঁধে নিয়ে সেলফি তুলতে পছন্দ করেন। তবে বিশ্ব প্রাণী সুরক্ষার (ডব্লিউএপি) একটি গবেষণা প্রতিবেদন বলছে, এসব কর্মকাণ্ড এশিয়া মহাদেশজুড়ে প্রকারান্তরে হাতির প্রতি নিষ্ঠুরতাকেই উসকে দিচ্ছে।
ডব্লিউএপির গবেষকেরা ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও ভারতের কিছু অংশে ২২০টি কেন্দ্র এবং এসব কেন্দ্রে আটক প্রায় তিন হাজার হাতির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
গবেষকদের ভাষ্য, মানুষের বিনোদনের জন্য আগের চেয়ে বেশি সংখ্যায় হাতি ধরে আটক করা হচ্ছে। থাইল্যান্ডে গত পাঁচ বছরে এই নিষ্ঠুরতার হার তিন গুণ বেড়েছে। পর্যবেক্ষণের সময় তাঁরা দেখেছেন, তাঁদের মূল্যায়ন করা হাতিগুলোর এক-তৃতীয়াংশের বেশি ‘গুরুতর নিষ্ঠুর’ পরিস্থিতির মধ্যে আছে। অনেক হাতি তিন মিটারের কম দৈর্ঘ্যের শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে।
ডব্লিউএপির উপদেষ্টা জ্যান স্মিট-বুরবাহ বলেন, ‘হাতির ওপর চড়া এবং প্রদর্শনের নিষ্ঠুর প্রবণতা ক্রমেই বাড়ছে। আমরা পর্যটকদের জানাতে চাই, এসব হাতির অনেকগুলোকেই শিশু অবস্থায় তাদের মায়ের কাছ থেকে ছিনিয়ে আনা হয়, কঠিন প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়, জীবনজুড়ে তাদের খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে হয়।’