হাতির ভয়ে ঘরছাড়া
‘বন্য হাতি আমাদের ঘুম হারাম করে দিয়েছে। হাতির দল দিনে-রাতে যখন-তখন এলাকায় হানা দিচ্ছে। ভয়ে দিনে জঙ্গলে গিয়ে লোকজন কোনো কাজ করতে পারছে না। আর রাতে আক্রমণের আশঙ্কায় কেউ বাড়িতে থাকছে না।’ কথাগুলো বলছিলেন কাপ্তাই উপজেলার জীবতলীর চেয়ারম্যানপাড়ার বাসিন্দা সমীরণ চাকমা।
স্থানীয় লোকজন জানান, বন্য হাতির একটি দল এই এলাকার পাশের পাহাড়ে অবস্থান নিয়েছে গত দুই মাস ধরে। দলটি গত সোমবার রাতে পাড়ায় আক্রমণ চালায়। এ সময় হাতির দল তিন আদিবাসী পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেয় এবং জমির ফসল তছনছ করে। আদিবাসী বিদুষী চাকমা, জ্ঞানময় চাকমা ও হেমা রঞ্জন চাকমা ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এদিকে পাড়ার শতাধিক আদিবাসী পরিবার হাতির আক্রমণের ভয়ে রাতে ঘরে থাকছেন না।
গত মঙ্গলবার চেয়ারম্যানপাড়ায় গিয়ে দেখা যায়, একটি বাগানে বিপুলসংখ্যক কলাগাছ তছনছ হয়ে পড়ে আছে। কয়েকটি ঘর একদিকে কাত হয়ে আছে। বাসিন্দাদের চোখে-মুখে আতঙ্ক। স্থানীয় বাসিন্দা মন্তু চাকমা ও সাগরিকা চাকমা বলেন, তাঁদের কলা ও নারকেল বাগান খেয়ে সাবাড় করে দিয়েছে বন্য হাতির দল। হাতি তাড়াতে না পারলে এখানে থাকা যাবে না।
জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, বন্য হাতির কয়েক দফা আক্রমণে জুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তছনছ হয়ে গেছে কলা ও নারকেল বাগান। উপড়ে ফেলেছে সবজিখেত। এ পর্যন্ত পাঁচটি ঘর গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি।
এ ব্যাপারে সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, বন্য হাতি চেয়ারম্যানপাড়া ছেড়ে প্রায় সময় সেনাবাহিনীর এলাকায়ও বিচরণ করছে। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার সময় সাতটি হাতি সেনাবাহিনী এলাকায় বিচরণ করতে দেখা গেছে। হাতি তাড়ানোর অনেক চেষ্টা করেও সফল না হওয়ায় এবার বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘লক্ষ করেছি হাতি কলাগাছ, নারকেলগাছ এবং বিভিন্ন সবজির বাগানের টানে এসব এলাকায় আসছে। আমরা সেনাবাহিনীর এলাকায় হাতির নাগালের মধ্যে থাকা বিভিন্ন প্রকারের গাছ, সবজির বাগান ও জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।’
বন্য হাতির আক্রমণে এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে বন বিভাগের শুকনাছড়ি বিট কর্মকর্তা মাসুদ উদ্দিন আহমদ বলেন, আগুন জ্বেলে এবং বিকট শব্দ করে বন বিভাগ ও সেনাবাহিনীর উদ্যোগে একাধিকবার হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু কাজ হয়নি। কারণ তিনটি বন্য হাতি জীবতলীর গভীর জঙ্গলে বাচ্চা প্রসব করেছে। বাচ্চা থাকার কারণে বন্য হাতি এই এলাকা ছেড়ে যাচ্ছে না।
পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের (দক্ষিণ) বিভাগীয় কর্মকর্তা হোসাইন মাহমুদ বলেন, বনে খাদ্য না পেয়ে হাতির দল লোকালয়ে ছুটে আসছে। হাতি তাড়ানোর জন্য বন বিভাগের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে।