হাতির ভয়ে চাষ বন্ধ!
‘বন্য হাতির পাল গত বছর আমন ও বোরোখেত খেয়ে আমাদের পথে বসিয়েছে। তছনছ করে দেয় পেয়ারা ও লিচুবাগান। এবারও প্রতিদিন বন্য হাতি এলাকা চষে বেড়াচ্ছে। হাতির ভয়ে কেউ এখন পাহাড়ের পাশের জমিতে চাষ করতে সাহস পাচ্ছে না। কোনো উপায় না দেখে চাষ বন্ধ করে দিয়েছি।’ কথাগুলো বলছিলেন সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়েনের কৃষক শামসুল ইসলাম (৫৮)।
স্থানীয় লোকজন জানান, তিন বছর ধরে এই সময়ে বন্য হাতির কয়েকটি পাল মাদার্শা, এওচিয়া, কাঞ্চনা ও চরতি ইউনিয়নের পাহাড়ে অবস্থান নিয়ে ধান, ফল ও সবজিখেত খেয়ে ফেলছে। তা ছাড়া হাতির পাল বসতঘরেও হানা দিচ্ছে। তিন বছরে কমপক্ষে ১০০ বসতঘর গুঁড়িয়ে দিয়েছে হাতি, মারা গেছেন ১১ ব্যক্তি।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ে খাদ্যসংকট দেখা দেওয়ায় বন্য হাতির পাল পাহাড়ের আশপাশের লোকালয়ে হানা দিচ্ছে। পাহাড়ে নির্বিচারে কলাগাছ কেটে হাইব্রিড প্রজাতির বনজ গাছ লাগানোর কারণে খাদ্যসংকট দেখা দিয়েছে।
মাদার্শা রেঞ্জ, বড় মাদার্শা ও চূড়ামনি বিট কার্যালয় সূত্রে জানা গেছে, একেকটি পালে ১২ থেকে ৩০টি পর্যন্ত হাতি রয়েছে। গত আগস্ট মাসে মাদার্শা রেঞ্জের বিট কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হাতির আক্রমণে আহত হয়ে এখনো সুস্থ হয়ে ওঠেননি।
বড় মাদার্শা বিট কর্মকর্তা মো. আবদুল গণি বলেন, ‘আমি দুটি হাতির পাল দেখেছি। একটিতে ১২টি ও আরেকটি পালে ১৮টি বন্য হাতি ছিল। রাত-দিন চেষ্টা করেও হাতির পাল তাড়ানো সম্ভব হচ্ছে না। তার পরও চেষ্টা অব্যাহত রয়েছে।’
এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী বলেন, ‘প্রশাসন, বন বিভাগসহ আমরা বেশ কয়েকবার চেষ্টা করেও হাতির পাল তাড়াতে পারিনি। এ নিয়ে সবাই আতঙ্কে আছে।’
সাতকানিয়া কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, বন্য হাতির তাণ্ডবে মাদার্শা, এওচিয়া, কাঞ্চনা, চরতি, ধর্মপুর ও ছদাহা ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে অন্তত ৪০০ হেক্টর জমিতে কোনো চাষ হয়নি। সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, বিগত কয়েক বছরে বন্য হাতির কয়েকটি পাল উপজেলার পাহাড়ি এলাকার ফসলি জমির বোরো, আমন ও মৌসুমি সবজি খেয়ে সাবাড় করে দেওয়ায় কৃষকেরা এখন চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন।