হাতির হানায় এক বছরে গেল ছয় প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক মাস আগে রাঙামাটির লংগদু উপজেলার জারুল বাগান এলাকায় বন্যহাতির তাণ্ডবে ভেঙে যাওয়া ঘর দেখাচ্ছেন গৃহবধূ আনোয়ারা বেগম। ছবিটি ৫ জানুয়ারি তোলা l প্রথম আলো
প্রায় এক মাস আগে রাঙামাটির লংগদু উপজেলার জারুল বাগান এলাকায় বন্যহাতির তাণ্ডবে ভেঙে যাওয়া ঘর দেখাচ্ছেন গৃহবধূ আনোয়ারা বেগম। ছবিটি ৫ জানুয়ারি তোলা l প্রথম আলো

রাঙামাটির লংগদু উপজেলার দুই ইউনিয়নের নয়টি গ্রামে গত এক বছরে বন্য হাতির আক্রমণে মারা গেছে ছয়জন গ্রামবাসী এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। হাতির আবাসস্থল ধ্বংস করে সংরক্ষিত বনভূমিতে বসতি গড়ে তোলার কারণেই এমন ঘটনা ঘটছে বলে মনে করেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, পাবলাখালী সংরক্ষিত বনের চার হাজার একর এলাকা পড়েছে উপজেলার ভাসান্যা আদাম ও বগা চতর ইউনিয়নে। ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির পর বনভূমির এই অংশে বসতি গড়ে ওঠে। এতে হাতির বিচরণ ক্ষেত্র নষ্ট হয়। খাবারের খোঁজেই হাতি লোকালয়ে ঢুকে পড়ছে।
গত এক বছরে উপজেলায় হাতির আক্রমণে নিহত ব্যক্তিরা হলেন, মহাজনপাড়া গ্রামের মো. কলু মিয়া, বাঁজনগর গ্রামের আবদুর রহিম, রহমতপুর গ্রামের মো. সবেদ আলী ও মো. তৈয়ব আলী, পূর্ব চাইল্যাতলী গ্রামের হাফিজুর রহমান ও চাইল্যাতলী গ্রামের মো. নূর হোসেন। গত জুন মাসে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগ নিহত ছয় ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে। আহতদের মধ্যে ২১ জনকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। পর্যায়ক্রমে হাতির হামলায় আহত সব ব্যক্তির পরিবারকেই সাহায্য দেবে বন বিভাগ।
সরেজমিনে দেখা গেছে, চাইল্যাতলী বাজারের পাশে হাতি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বড় বড় গাছ পুঁতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া হাতির হামলা থেকে বাঁচতে বাগানে ও বাড়ি পাশে পিলার দিয়ে টংঘর তৈরি করা হয়েছে।
হাতির আক্রমণের নিহত পূর্ব চাইল্যাতলী গ্রামে হাফিজুর রহমানের ছেলে ওসমান গণি বলেন, ‘গত এপ্রিল মাসের ঘটনা। রাত সাড়ে আটটার দিকে আমাদের ধানের জমিতে হাতির পাল ঢুকে পড়ে। আমি আর বাবা আগুন জ্বালিয়ে হাতির পাল তাড়াতে যাই। হঠাৎ একটি হাতি আমাদের সামনে উপস্থিত হয়। আমি কোনো রকমে পালিয়ে রক্ষা পেলেও হাতির হামলায় বাবা ঘটনাস্থলেই মারা যান।’
হাতি আক্রমণের শিকার আনোয়ারা বেগম, মো আহম্মদ হোসেন ও মো. রুহুল আমিন বলেন, একাধিকবার হাতির আক্রমণে তাঁদের বাগান ও বসতবাড়ি তছনছ হয়েছে। স্থান বদল করেও কোনো লাভ হয়নি।
হাতির কারণে উপজেলার রাঙাপানি, চিবেরেগা, রঞ্জিতপাড়া ও মারিশ্যা চর এলাকার কয়েক হাজার একর ধানিজমি ও টিলায় চাষ করতে পারেননি কৃষকেরা। সেই সব এলাকা এখন কোনো বসতিও নেই। হাতির ভয়ে ওই এলাকার লোকজন এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া রাঙ্গীপড়া, টেগাপাড়া ও পূর্ব চাইল্যাতলি গ্রামের লোকজনকেও হাতির আতঙ্কে থাকতে হয়।
বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. ফখরুদ্দিন আহম্মেদ বলেন, ‘বগা চতর ও ভাসান্যা আদাম ইউনিয়নের সংরক্ষিত বনে বসতি গড়ে তোলা লোকজন অভ্যন্তরীণ উদ্বাস্তু। এ কারণে তাঁরা বাধ্য হয়ে বনে আশ্রয় নিয়েছেন। তবে এর ফলে হাতির বিচরণ ক্ষেত্র নষ্ট হয়েছে। দেখা দিয়েছে খাদ্যাভাব। খাবারের খোঁজে হাতিরা তাই লোকালয়ে হানা দিচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে ওই সব এলাকা লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য দিচ্ছি। গত জুন মাসে নিহত ছয়জনের পরিবারকে এক লাখ টাকা করে এবং চলতি মাসে ২১ জন আহত ব্যক্তিকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষার আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল প্রথম আলোকে বলেন, সম্প্রতি সরকার হাতি সংরক্ষণে কঠোর আইন করেছে। হাতির আবাসস্থল ধ্বংস হওয়ায় বাধ্য হয়ে হাতিরা লোকালয়ে আসছে। হাতির জন্য অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি না করলে এমন সমস্যা দূর হবে না।