হাতিয়া-নোয়াখালীর যুদ্ধে জয়ী আমির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটযুদ্ধে দুই ভাগ হয়ে গিয়েছিল বসতিস্থাপনকারী হিসেবে পরিচিত নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের মানুষ। দুই দলের প্রার্থীও ছিল দুজন। জল্পনা-কল্পনা আগে থেকেই ছিল, লামা পৌরসভা নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে নোয়াখালী ও হাতিয়াবাসী। আর আদিবাসী-চাটগাঁইয়া ভোটব্যাংকও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। গত মঙ্গলবারের নির্বাচনে তা-ই হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জহিরুল ইসলামকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আমির হোসেন। তাঁর পক্ষে ছিলেন নোয়াখালীবাসী।মধুরঝিরি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন (৫৫) জানান, নোয়াখালীপন্থী প্রার্থী হিসেবে আমির হোসেন আদিবাসী, চাটগাঁইয়াসহ অন্য ভোটারদের মন জয় করতে পেরেছেন।মঙ্গলবার ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি-সমর্থিত প্রার্থী আমির হোসেন পেয়েছেন চার হাজার ৭৭২ ভোট আর আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ২২১ ভোট। এক হাজার ৫৫১ ভোটের ব্যবধানে জিতে যান সাবেক মেয়র আমির হোসেন।আমির হোসেনের জয়ের পেছনে কয়েকটি কারণ চিহূিত করেছেন ভোটাররা। হাতিয়া বনাম নোয়াখালী দ্বন্দ্বে নোয়াখালীবাসীর জয়, সরকারি দলের জনপ্রিয়তা হ্রাস ও বয়সে নবীন আওয়ামী লীগ প্রার্থীর গ্রহণযোগ্যতার অভাব। এসব কারণের পাশাপাশি ভূমিকা রেখেছে আদিবাসী ও চাঁটগার ভোটাররা। অবশ্য এলাকায় ভদ্র ও ন্যায়বিচারক হিসেবে আমির হোসেনের খ্যাতি রয়েছে বলে জানান স্থানীয় লোকজন। একজন ভোটার জানান, চেয়ারম্যান থাকাকালে আমির হোসেনের কাজে অসন্তুষ্ট ছিল না পৌর এলাকার মানুষ। পাহাড়ি এলাকা হিসেবে সব সম্প্রদায়ের মানুষের কাছে তাঁর ভাবমূর্তি ভালো। আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী দলীয় ব্যানারে নির্বাচন করলেও দুই প্রার্থীর আলাদা পরিচয় ছিল হাতিয়া বনাম নোয়াখালীবাসীর প্রার্থী। কর্মী-সমর্থকেরা সেভাবেই কাজ করেছেন। কয়েকজন আদিবাসী জানান, তাঁরা দলীয় বিবেচনার চেয়ে প্রার্থীর অতীত কর্মকাণ্ড, সততা ও যোগ্যতা দেখে ভোট দিয়েছেন। হাতিয়ার লোকজনের কাছে তাঁরা নানা সময়ে নির্যাতিত ও অবিচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন, দলীয় প্রার্থীর জয়ের পেছনে আমির হোসেনের গ্রহণযোগ্যতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি নেতা-কর্মীদের আন্তরিকতাও যথেষ্ট ভূমিকা রেখেছে। লামা জনসংহতি সমিতির সভাপতি অং গ্য মার্মা বলেন, ‘প্রার্থীর ভালো-মন্দের পাশাপাশি আঞ্চলিকতার বিষয় বিবেচনায় এনে ভোট দিয়েছেন। তবে জয়ী প্রার্থী এসব ভুলে সবার মেয়র হিসেবে কাজ করবেন বলে আশা করি।’নির্বাচনে পরাজয়ের বিষয়ে জহিরুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলাফল ঘোষণার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।আমির হোসেন তাঁর জয়ের পেছনে সব সমপ্রদায়ের অকুণ্ঠ ভালোবাসা ও সহযোগিতা রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে পৌর পরিষদ পরিচালনা করব।’