হাতুড়ে চিকিৎসকদের দৌরাত্ম্য রাঙ্গুনিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার বিভিন্ন হাট-বাজারে হাতুড়ে চিকিৎসকদের দৌরাত্ম্য বেড়েছে। কবিরাজ ও হেকিম পরিচয়ে তাঁরা সর্বরোগের মহৌষধের নামে প্রাণহানিকর রাসায়নিক পদার্থের মিশ্রণ বিক্রি করছেন দরিদ্র মানুষের কাছে। এতে উপজেলার দেড় লাখ মানুষ অপচিকিৎসার ঝুঁকিতে রয়েছেন।রাঙ্গুনিয়া স্বাস্থ্য অধিকার প্রকল্পের মাঠসংগঠক মো. ওয়াহিদ জানান, রাঙ্গুনিয়ায় চার লাখ মানুষের চিকিৎসার জন্য ৫০ শয্যার একটি মাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলো প্রায় বন্ধ থাকায় হতদরিদ্র পরিবারের মানুষগুলো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি জানান, রাঙ্গুনিয়ার হতদরিদ্র পরিবারের প্রায় দেড় লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাট-বাজারের হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। এসব হাতুড়ে চিকিৎসকদের সরকারি কোনো অনুমোদন নেই। তবু কম খরচে সুস্থ হওয়ার আশায় সাধারণ মানুষ এঁদের ওষুধ খেয়ে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। একাধিক সূত্র জানায়, রোয়াজারহাট, দোভাষি বাজার, মরিয়মনগর চৌমুহনী, গোচরা বাজার, শান্তিরহাট, মোগলেরহাট, ধামাইরহাট, রানীরহাট, রাজারহাট, ক্ষেত্রবাজার, নারিশ্চা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে চিকিৎসালয় গড়ে তুলেছেন হাতুড়ে চিকিৎসকেরা। এমনকি মাইক-হারমোনিয়াম বাজিয়ে, নাচ-গান, সাপের খেলা ও জাদু দেখিয়ে লোকজন জমায়েত করে নিজেদের তৈরি ওষুধ বিক্রি করছেন। এক ওষুধে দুরারোগ্য সিফিলিস, গনোরিয়া, হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসার, ম্যালেরিয়া, টাইফয়েড, অর্শ ও দন্তরোগসহ নারী-পুরুষের গোপন রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে আকৃষ্ট করেন তাঁরা। মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের আমজাদ হোসেন (৪৭) গত ২৬ ফেব্রুয়ারি রোয়াজারহাটে কবিরাজ বি কে সিকদার পরিচালিত বড়পুর পাশারি ও দন্ত চিকিৎসালয় থেকে অর্শ রোগের ওষুধ কেনার সময় বলেন, ‘আমরা গরিব মানুষ। বড় ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। তাই অসুখ ভালো হওয়ার আশায় বাজার থেকে কম দামে ওষুধ কিনে খাই।’ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, ইউনিয়নের হালিমপুর গ্রামের নুরুল ইসলাম (৩৭) গত ২৮ ফেব্রুয়ারি রানীরহাটের শাহ আমানত হেকিম দাওয়াখানা থেকে গ্যাস্ট্রিক আলসারের ওষুধ কিনে খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি হন। হেকিম দাওয়াখানার ওই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চিকিৎসাবিষয়ক বই পড়ে গাছের লতাপাতা দিয়ে ওষুধ তৈরি করে বিক্রি করি। এতে রোগবালাই মুক্ত হওয়ার কথা।’ তিনি বলেন, ‘ভেষজ ওষুধে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ফলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হওয়া অবিশ্বাস্য।’ চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের শিশুরোগের চিকিৎসক এসএম কাউছার জানান, পেশাগত জীবনে তিনি অনেক রোগী পেয়েছেন। যাঁরা হেকিম, কবিরাজ নামধারী অপচিকিৎসকদের ওষুধ খেয়ে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, হাতুড়ে চিকিৎসকদের চিকিৎসা নিয়ে রাঙ্গুনিয়ার অনেক মানুষ শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। পরবর্তীকালে তাঁদের চিকিৎসা দিতেও সমস্যা হয়েছে। এসব চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।