পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি প্রয়োজন হয় হাতে-কলমে অর্জিত জ্ঞানের। আর শিক্ষার বিষয় যদি হয় প্রকৌশল বিদ্যা তবে তা আরও বেশি জরুরি। শিক্ষাজীবনেই এই বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের শিক্ষার্থীরা নরসিংদীর পলাশে অবস্থিত একটি প্রশিক্ষণকেন্দ্রে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন। বিসিআইসির কেন্দ্রীয় এই প্রশিক্ষণ কেন্দ্রটির নাম ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’। গত ১০ মে থেকে ৬ জুন পর্যন্ত ইউএসটিসির তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের ষষ্ঠ ও সপ্তম ব্যাচের ৩৮ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়।
বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বিতরণ, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ এই চারটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা ২৮ দিন ধরে প্রশিক্ষণ নেন। ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইমতিনান মজুমদার ও জাভেদ কায়সার বলেন, ‘বই পড়ে জেনেছি বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়। এখন সেটা বাস্তবে দেখলাম আর শিখলাম।’ প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা অংশ নেন সমাপনী পরীক্ষায়। এতে ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ জন জিপিএ-৫ এবং বাকিরা এ গ্রেডে উত্তীর্ণ হয়।:n:
পূর্বাশার আলোর সাধারণ সভা:h:
শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভা ৫ জুন সংগঠনের মোমিন রোডের অস্থায়ী কার্যালয়ে আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এস এম মোরশেদ, সাবেক সভাপতি এম কফিল উদ্দিন, সহসভাপতি ইফখেতার সাইমন, ফয়সাল বিন কাশেম, সহসাধারণ সম্পাদক মো. ইশতিয়াক, নূর উদ্দিন, মো. ওমর ফারুক, মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।