ফলিত পদার্থবিজ্ঞানের ল্যাবরেটরি যে সম্পূর্ণ আলাদা, সেটা ওখানে না গেলে বোঝা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ল্যাবরেটরির দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আদনান কিবারের কথা ধরেই পা বাড়ালাম সেদিকে। পৌঁছেই দেখা গেল হাসিমুখে কাজ করছেন একদল আত্মপ্রত্যয়ী মেধাবী মুখ।কথা হলো ইমতিয়াজ, নিব্রাস আর আম্মানের সঙ্গে। সিলেবাস ধরে ধরে ল্যাবরেটরিতে কাজ শেষ করেন তাঁরা। আজ করছিলেন ফ্রিকোয়েন্সি চ্যানেলের কাজ। প্রশ্ন করি, নিজেদের চ্যানেল হচ্ছে কবে? তাঁরা হেসে জবাব দেন, ‘এ বছর তো শিখছি। আগামী বছর হয়ে যাবে।’ পাশেই কাজ করছিলেন মিলা, তুষ্টি আর সাদিয়া। ল্যাবরেটরিতে কী বেশি উপভোগ করেন? ঝটপট জবাব দিলেন তুষ্টি, ‘নতুন চিন্তা।’ মিলার পাল্টা উত্তর, ‘নতুন চিন্তার সন্ধান।’প্রথম বর্ষ থেকে তাঁরা একে একে শিখেছেন সফটওয়্যার প্রোগ্রামিং, অপটিকস, আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ, এমনকি ওয়ার্কশপে ঝালাই, কাটা ও জোড়া দেওয়ার কাজসহ আরও কত কী। এখানে আছে অসিলোস্কোপ, ভোল্টেজ সোর্স, সিগন্যাল জেনারেটর ও পাওয়ার অ্যামপ্লিফায়ার। তাঁরা সাধারণত কাজ করেন তিনজনের গ্রুপে। ল্যাব ইনস্ট্রাক্টর আনোয়ার হোসেন জানান, ৪০টির বেশি গ্রুপ ল্যাব করছে তৃতীয় বর্ষে।ফয়সাল আহমেদ কাজ করছিলেন ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার ডিজাইনিংয়ের। বললেন, ‘থিওরির ক্লাসগুলো সব সময় উপভোগ করি। কিন্তু ল্যাবরেটরিও আমার অনেক পছন্দের। আমি মনে করি, আমাদের এখানকার পরিবেশ যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে ভালো।’ তাঁর কথাকেই সমর্থন জানালেন আরেক গ্রুপের সদস্য জাহিদুল ইসলাম, ফয়সাল রহমান, তালহা নাহিয়ান ও দিদার ইসলাম। তাঁরা বললেন, ল্যাবরেটরির সবচেয়ে বড় মজা হলো, গল্প করতে করতে কাজ করা যায়। একই তালে শেখা হয়ে যায় তত্ত্বীয় বিষয়গুলোও।পড়া শেষে কে কী হতে চান? এই প্রশ্নের জবাবে ফয়সাল বললেন, ‘অবশ্যই শিক্ষক। এটা আমার ছোটবেলার স্বপ্ন।’ জাহিদুল ইসলাম উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান। বললেন, ‘ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল। আমাদের বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি অনেক বিষয়ের সমন্বয় করা হয়েছে। তাই আমি এখানেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।’তালহা বললেন, ‘আমাদের দেশে বিজ্ঞানের শিক্ষার্থীরা বাইরে পড়তে গেলে অনেকেই দেশে ফেরে না...।’ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জাহিদুলের, ‘আমি অবশ্যই দেশে ফিরে আসব।’ এবার তালহারও একই সুর, ‘আমি কিন্তু দেশেই কিছু করতে চাই। দেশে তো ফিরতেই হবে।’ ফয়সালও টিপ্পনী কাটতে ছাড়লেন না। হ্যাঁ, বিয়ে করতে—হাসির হুল্লোড় উঠল। এরই মধ্যে পরিচয় হলো সবচেয়ে শান্ত গ্রুপের সদস্যদের সঙ্গে। তারান্নুম, জান্নাত আর ইতি। এত হুল্লোড়েও নির্বিকার জান্নাত একমনে কাজ করে যাচ্ছিলেন। তারান্নুম বললেন, ‘গ্রুপগুলোর মধ্যে সব সময়ই তীব্র প্রতিযোগিতা চলে। হাসি-ঠাট্টার মধ্যেও প্রতিযোগিতা অনেক সময় প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়। তবু এখানে আমরা কাজটা সবাই উপভোগ করি।’ ততক্ষণে হাতের কাজ শেষ করেছেন জান্নাত। তূর্য বললেন, ‘ল্যাবরেটরির জন্য মোট আট ক্রেডিট বরাদ্দ থাকে। মন না দিয়ে উপায় আছে? দক্ষ না হলে বিজ্ঞান বোঝা সম্ভব নয়।’হাসি-ঠাট্টার মধ্য দিয়ে শেষ হলো কাজ। তৃতীয় বর্ষের বন্ধুদের সঙ্গে ফেরার পথে মনে পড়ে যাচ্ছিল আদনান কিবার স্যারের শেষ কথাগুলো, ‘আমাদের দেশে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। অথচ জীবনের জন্য সবারই এ বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন। তাই বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী বাড়াতে প্রয়োজন বিজ্ঞানমনস্ক শিক্ষক, পর্যাপ্ত ল্যাবরেটরি এবং সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রক্রিয়া ও পর্যবেক্ষণ।’