হাতে-কলমে শিখতে...
বইয়ের পড়া আর সরাসরি দেখা—দুইয়ে মিলে একবারে পাক্কা শিক্ষা। বিশ্ববিদ্যালয়ে পড়া তারপর সেই বিষয়ের কারখানা কিংবা অফিসে গিয়ে কাজ দেখা শিক্ষার্থীদের চাকরিজীবনে যাওয়ার আগে পরিপক্ব করে তোলে। সেই ধারাবাহিকতায় সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্রছাত্রীর একটি দল তাদের কোর্সের অংশ হিসেবে সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের কারখানা পরিদর্শনে যায়।
হাইডেলবার্গ সিমেন্টের মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীরের আমন্ত্রণে ১৬ সদস্যের দলটি এই কারখানা পরিদর্শন করে। দলটির নেতৃত্বে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা।
এই সময় ছাত্রছাত্রীরা কারখানার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সিমেন্ট তৈরির কাঁচামাল কোথা থেকে আমদানি, কীভাবে বিভিন্ন মেশিনের সাহায্যে কাঁচামাল সিমেন্টে রূপান্তরিত ও প্যাকেজিং এবং সবশেষে বিক্রয় ও বিপণন প্রক্রিয়া সম্পন্ন করার ধাপগুলো শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা নেয়।
এরপর তাঁরা কোম্পানির মানবসম্পদ বিভাগ পরিদর্শন করেন। সেখানে তাদের কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মীদের কর্মপরিবেশ, নিরাপত্তা, বেতন-ভাতা, বাৎসরিক আয় প্রভৃতি সম্পর্কে অবগত করেন মোহাম্মদ আলমগীর।