হাতে-কলমে শেখার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের আয়োজিত মেলায় চলছে কেনাকাটা
শিক্ষার্থীদের আয়োজিত মেলায় চলছে কেনাকাটা

সূর্য পশ্চিমে হেলে গেছে। ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁই ছুঁই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ তখনো জমজমাট। ডজন খানেক স্টল, মূল্যছাড় আর উপহারের অগুনতি ব্যানার-ফেস্টুন, কয়েক শ দর্শনার্থী আর প্রাণোচ্ছল একদল শিক্ষার্থীর সরব উপস্থিতি অদ্ভুত সুন্দর এক গুঞ্জন তুলে জানিয়ে দিচ্ছে, বড়সড় এক বিক্রয় মেলা চলছে এখানে।
দৃশ্যটা ১৫ নভেম্বরের। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বিপণন (মার্কেটিং) বিভাগের তত্ত্বাবধানে দিনব্যাপী বিক্রয় মেলার আয়োজন করেছিল বিবিএ ১৯তম ব্যাচ। হঠাৎ কী মনে করে এমন আয়োজন? ব্যাচের শিক্ষার্থী হালিমা আক্তার জানালেন, ‘তৃতীয় বর্ষের এই সেমিস্টারে আমাদের একটি কোর্স “সেলিং অ্যান্ড সেলসম্যানশিপ”। পড়াতে গিয়ে ম্যামের মনে হলো, মাঠপর্যায়ের ব্যবহারিক অভিজ্ঞতা খুব দরকার এই কোর্সে। সেই ভাবনা থেকেই তিনি মেলা আয়োজনের সুযোগটা করে দিলেন।’ মেলায় দেশি-বিদেশি ১২টি প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী এনে শিক্ষার্থীরা নিজেরা বিক্রি করেছেন। কথা হলো কোর্সের শিক্ষক সেহেলী পারভীনের সঙ্গে। বললেন, ‘বাস্তব অভিজ্ঞতা শুধু বই পড়ে হয় না। বিভাগের চেয়ারম্যান স্যার আর ফ্যাকাল্টির ডিন স্যারকে পরিকল্পনাটা জানিয়েছিলাম। তাঁরাও ভাবনাটা ইতিবাচকভাবে নিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।’ তবে মূল কৃতিত্বটা তিনি শিষ্যদেরই দিলেন। হেসে বলছিলেন, ‘আমি কিন্তু শুধু দাপ্তরিক অনুমোদন নিয়ে দিয়েছি। কোন প্রতিষ্ঠানের কোন পণ্য আনবে, প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনগুলো কীভাবে হবে, স্টল কীভাবে সাজাবে, মেলার প্রচার-প্রচারণা কেমন করে করবে, কীভাবে ক্রেতাদের আকৃষ্ট করবে—পুরোটাই ওরা নিজেরা ঠিক করেছে।’ আর বিভাগের চেয়ারম্যান মো. জাকির হোসেন ভূঁইয়া জানালেন, ‘নিজেরা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে, সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেভাবে সবকিছু করল ওরা, আমরা মুগ্ধ।’ সকাল নয়টায় মেলার উদ্বোধন করেন অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিপণন বিভাগের চেয়ারম্যান মো. জাকির হোসেন ভূঁইয়া। পরে ক্লাসের বিরতিতে অন্য শিক্ষকেরাও মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পণ্যসামগ্রী কিনে শিক্ষার্থীদের এই শিক্ষামূলক উৎসবে শামিল হন।
পাঁচটা বেজে গেল। মেলা শেষ। কিন্তু কেমন হলো ‘প্র্যাকটিক্যাল’? অবিক্রীত পণ্য আর বিক্রয়লব্ধ টাকা বুঝিয়ে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। তারই হিসাব মেলাতে ব্যস্ত শিক্ষার্থীদের ক্লান্ত অথচ হাস্যোজ্জ্বল মুখগুলোই যেন বলে দিচ্ছিল সব—শুভ সমাপ্তি।