ষাঁড়ের লাথিতে হাতের বুড়ো আঙুল হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক পশুপালক জ্যাক মিচেল (২০)। ছিন্ন হয়ে যাওয়া আঙুলটি জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত চিকিৎসকেরা পায়ের বুড়ো আঙুল কেটে এনে সে জায়গায় বসিয়ে দিয়েছেন। জ্যাক মিচেলের সম্মতিতেই এটা করা হয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের প্রত্যন্ত একটি এলাকায় একটি কৃষি খামারে কাজ করেন জ্যাক মিচেল। তিনি জানান, গত এপ্রিল মাসে একটি ষাঁড় তাঁর হাতে লাথি মারলে তাঁর বুড়ো আঙুলটি ছিন্ন হয়ে যায়। সহকর্মীরা সেই আঙুল কুলারে রেখে সংরক্ষণেরও চেষ্টা করেন। অঙ্গরাজ্যের রাজধানী পার্থে চিকিৎসা নিতে গেলে দুই দফায় অস্ত্রোপচার করে চিকিৎসকেরা ছিন্ন হওয়া সংরক্ষিত আঙুলটি জোড়া লাগানোর চেষ্টা করেন। উভয় চেষ্টাই ব্যর্থ হয়। এরপর সিডনি আই হাসপাতালের শরণাপন্ন হন তিনি। দুই সপ্তাহ আগে পায়ের বুড়ো আঙুল হাতে সংযোজনের ব্যাপারে সম্মতি দেন।
হাসপাতালের শীর্ষ প্লাস্টিক সার্জন সন নিকলিন বলেন, পায়ের আঙুল হাতে সংযোজনের বিষয়টি একটু পাগলাটে শোনায় হয়তো। রোগীরা সাধারণত এক জায়গার ক্ষত সারাতে শরীরের অন্য জায়গায় আঘাত সহ্য করতে চায় না। কিন্তু হাতের বাকি চার আঙুল পুরোপুরি সুস্থ থাকলেও বুড়ো আঙুলের অনুপস্থিতিই হাতের কার্যকলাপ সিংহভাগ সীমিত করে দেয়।
সিডনি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পায়ের বুড়ো আঙুল পুরোপুরি স্থানান্তর বিরলই বলা যায়। বিশেষ করে মিচেলের মতো রোগীদের ক্ষেত্রে তা একদমই বিরল।
প্লাস্টিক সার্জন সন নিকলিন বলেন, মিচেলের পুরোপুরি সেরে উঠতে ১২ মাসের মতো সময় লাগতে পারে বলে জানান তিনি।